চালককে মারধরের প্রতিবাদে খুলনা-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ
পিরোজপুরের এক বাসচালককে ঝালকাঠি বাস টার্মিনালে মারধরের প্রতিবাদে খুলনা-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। তবে পিরোজপুর জেলার অভ্যন্তরীণ রুটের বাস ও যান চলাচল করছে।
শ্রমিক ইউনিয়ন জানায়, নির্দিষ্ট বাসস্ট্যান্ড ছাড়া বরিশাল-মঠবাড়িয়া সড়কে যাত্রী ওঠানামা নিষিদ্ধ। তা সত্ত্বেও হাজি পরিবহনের গাড়িগুলো সড়কে ইচ্ছেমতো যাত্রী ওঠানামা করছিল। এ নিয়ে অরবিন্দ কুমার দাস নামের এক বাসচালক প্রতিবাদ করেন। এর জেরে গত মঙ্গলবার দুপুরে অরবিন্দ কুমার দাসকে ঝালকাঠি বাস টার্মিনালে আটকে রেখে মারধর করেন হাজি পরিবহনের লোকজন। এ সময় অরবিন্দ কুমার দাসের সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার বিচার দাবি করা হয়েছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত খুলনা-বরিশাল পথে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
খুলনা-বরিশাল সড়কের বাসগুলো পিরোজপুর শহরের ওপর দিয়ে চলাচল করে। পিরোজপুরের শ্রমিক নেতারা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় এই সড়কে বাস চলাচল বন্ধ আছে।