চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন দিন পর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিখোঁজের তিন দিন পর আজ বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার একটি নর্দমা থেকে ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই অটোরিকশাচালকের নাম নাঈম (২২)। তিনি বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গত রোববার সকালে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাননি। আজ দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া-গোদারপাড়া এলাকায় একটি কারখানার পাশে নর্দমায় অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন লাশটি নাঈমের বলে শনাক্ত করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নাঈমকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।