চালকের জামিন নামঞ্জুরের প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ, ধর্মঘট ডেকে প্রত্যাহার
কারাগারে থাকা বাসচালক আবদুর রহিমের জামিন না হওয়ায় রাজশাহীতে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর দুপুর ১২টার দিকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী-ঢাকা মহাসড়কে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আশ্বাসে বেলা দেড়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ১৮ জনের ১৭ জনই পুড়ে মারা যান। এ ঘটনায় ওই বাসের চালক আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
এরপর কয়েক দফায় তাঁর জামিন আবেদন চাওয়া হয়। সর্বশেষ গত ২৪ মার্চ আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই দিনই ২৭ মার্চ থেকে বিভাগের রংপুর ও রাজশাহী বিভাগের অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের আশ্বাসে ২৬ মার্চ ধর্মঘট স্থগিত করা হয়। তবে সেদিন পরিবহন নেতারা হুঁশিয়ারি করেছিলেন ২৯ মার্চ জামিন না হলে তাঁরা কঠোর ধর্মঘট পালন করবেন।
মাহতাব হোসেন চৌধুরী বলেন, আজ সকালে আদালত চালকের জামিন নামঞ্জুর করায় দুপুরে তাঁরা রাজশাহী ও রংপুর বিভাগে একযোগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। তবে মেয়র খায়রুজ্জামান লিটনের আশ্বাসে তাঁরা ধর্মঘট তুলে নিয়েছেন। প্রশাসনের তদন্ত প্রতিবেদনে অনেক আগেই উঠে এসেছে, বাঁশবোঝাই ভ্যান এবং মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে কাটাখালীতে ওই দুর্ঘটনা ঘটেছিল। এরপরও এক বছর ধরে চালককে কারাগারে রাখা হয়েছে।
এদিকে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল। তবে বেলা দেড়টার পর থেকে ওই সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ চালকের জামিনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরদিন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।