কাজীরহাট ফেরিঘাট
চালুর এক বছরের মধ্যেই ফিকে হয়ে যাচ্ছে জৌলুশ
মাস দুয়েক আগেও ট্রাকের জট লেগে থাকত। কিন্তু বর্তমানে ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনই পাচ্ছে না।
পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাট চালুর সবে এক বছর হলো। ২০ বছর বন্ধ থাকার পর গত বছরের ২৭ ফেব্রুয়ারি এই ফেরিঘাটে যানবাহন পারাপার ফের চালু হয়। শুরুর দিকে এই ফেরিঘাটের মাধ্যমে কাজীরহাট-আরিচা নৌপথে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল ক্রমেই বাড়ছিল। বঙ্গবন্ধু সেতুর যানজট এড়াতে এই ফেরিঘাট হয়ে ঢাকায় যাত্রীবাহী বাসও চলাচল শুরু হয়। কিন্তু বছর ঘুরতেই যানবাহন কমতে কমতে এখন অর্ধেকে নেমে এসেছে। যানবাহনের চালকদের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অবহেলার কারণে গত এক বছরে এই ফেরিঘাটের কোনো উন্নয়ন তো দূরের কথা, উল্টো পন্টুন ও ফেরি নিয়ে সমস্যা বেড়েই চলেছে। ফলে এই ঘাটের ভবিষ্যৎ ভালো না।
যানবাহনের চালকদের সূত্রে জানা যায়, গত বছর চালুর পর দুটি বড় ও দুটি ছোট মিলিয়ে মোট চারটি ফেরি দিয়ে এই নৌপথটি পরিচালনা করা হচ্ছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেগুলোর পরিবর্তে দুর্বল ও ত্রুটিযুক্ত দুই থেকে তিনটি ফেরি নৌপথে দেওয়া হয়। বর্তমানে তিনটি ধীরগতির ছোট ও দুর্বল ফেরি এই নৌপথে থাকলেও প্রায়ই সেগুলোর এক বা একাধিক ফেরি নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে এই ফেরিঘাটে পারাপারের জন্য এসে পণ্যবাহী ট্রাকগুলোকে প্রায়ই দুই থেকে তিন দিন ধরে আটকে থাকতে হয়।
ঘাট চালুর সময় বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বলা হয়েছিল, পর্যায়ক্রমে ঘাট ও পন্টুনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ফেরির সংখ্যাও বাড়ানো হবে। কিন্তু পন্টুন ও ঘাট আগের মতো একটিই রয়ে গেছে। যে পন্টুনটি দেওয়া হয়েছে, সেটি দুর্বল ও পুরোনো হওয়ায় প্রায়ই এর বিভিন্ন অংশ ভেঙে গিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তখন ঘাটে আটকে থাকা ট্রাকসহ কয়েক শ যানবাহনের ভোগান্তির শেষ থাকে না। বঙ্গবন্ধু সেতুর যানজট এড়িয়ে ঢাকায় যাতায়াতের সুযোগ পেয়ে যাত্রী ও পরিবহনশ্রমিকদের আগ্রহ বাড়ছিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ফেরিসংকটের কারণে বাস চলাচলও বন্ধ হয়ে যায়।
তবে বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বললেন উল্টো কথা। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য এই মৌসুমে কম থাকে বলে এখন পারাপারের জন্য ঘাটে ট্রাক কম আসছে। ফলে বিআইডব্লিউটিসির দেওয়া তিনটি ফেরিতেই এখন চলে যাচ্ছে। কোনো ট্রাককেই ঘাটে বসে থাকতে হচ্ছে না। এ ছাড়া আরও দুটি ঘাটের নির্মাণকাজ চলছে। নির্মাণ শেষে সেখানে পন্টুন এলেই পরিস্থিতির আরও উন্নতি হবে।
গতকাল সোমবার ঘাট ঘুরে দেখা গেছে, ঘাটে পণ্যবাহী ট্রাকসহ যানবাহন আসছে খুব কম। ঘাটের ব্যবসায়ীরা জানান, মাস দুয়েক আগেও ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় দুই থেকে তিন কিলোমিটার ট্রাকের জট লেগে থাকত। কিন্তু বর্তমানে সেই জট দূরের কথা, কখনো কখনো ফেরিগুলো ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনই পাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির কর্মকর্তারাও স্বীকার করেছেন, আগে ২৪ ঘণ্টায় প্রায় ২০০ ট্রাক পারাপারের জন্য ঘাটে আসত। কিন্তু এখন তা ১০০-এরও নিচে নেমে গেছে।
কাজীরহাট ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, যানবাহনের শ্রমিকদের সীমাহীন দুর্দশার কারণে অনেকেই এখান দিয়ে পারাপারের ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছেন।