চাষাঢ়ায় নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিহত ব্যক্তিদের স্বজনেরা।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহত ব্যক্তিদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পর্যায়ক্রমে মহানগর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, ফতুল্লা থানা ছাত্রলীগ, বন্দর থানা ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা আওয়ামী লীগ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যজোট ও মহানগর পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া শহীদ ভাষানী স্মৃতি সংসদ, শহীদ বাপ্পী স্মৃতি সংসদ, স্বপন দাসের পরিবার, আক্তার মশুর পরিবার, দেলোয়ার হোসেন ভাষানী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, পলি বেগমসহ নিহত অন্যদের পরিবারের সদস্যদের পাশাপাশি হামলায় দুই পা হারানো রতন দাস শ্রদ্ধা নিবেদন করেন।
রতন দাস বলেন, ‘বোমা হামলার ১৫ বছরেও আমরা বিচার পাইনি। আদৌ বিচার পাব কি না, তা নিয়ে সংশয়ে আছি। আমাদের দাবি, যারা এ নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অনেক পরিবার উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে কেউ নেই। আমরা অভাবগ্রস্ত পরিবারগুলোতে সরকারিভাবে আর্থিক বরাদ্দের দাবি জানাচ্ছি।’
২০০১ সালের ১৬ জুন শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হন।