চাহিদা কমায় কমেছে খেজুর আমদানি
ফরমালিন আতঙ্কে ক্রেতারা কম কেনায় গত বছর রমজান মাসে খেজুর বিক্রিতে মন্দাভাব ছিল। যে কারণে হিমাগারে পড়ে থাকে আমদানি করা শত শত টন খেজুর। এবার রোজা হচ্ছে ফলের মৌসুমে। ইফতারিতে অনেকেই ফল খেতে চান। ব্যবসায়ীরাও তাই সতর্ক। ফলে এ বছর খেজুর আমদানি কম হয়েছে।
তবে আমদানি কম হলেও চাহিদা কমে যাওয়ায় খেজুরের সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, আম, লিচু, কাঁঠালের মৌসুম হওয়ায় অনেকেই ইফতারিতে এসব ফল খেতে পছন্দ করবেন।
চট্টগ্রাম কাস্টমসের দেওয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) খেজুর আমদানি হয়েছে ১০ হাজার ৩১২ টন। গত বছর একই সময় আমদানি হয় ২৭ হাজার ৯৫৩ টন। এ বছর আমদানি কমেছে প্রায় ৬৩ শতাংশ। আর গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত ১১ মাসে খেজুর আমদানি হয় প্রায় ২২ হাজার টন। ২০১৩-১৪ সালে একই সময়ে আমদানি হয়েছিল প্রায় ৪১ হাজার টন।
আমদানিকারকেরা জানান, বছরে আমদানি করা খেজুরের ৯০ শতাংশই ব্যবহৃত হয় রোজার মাসে। এর পরিমাণ প্রায় ২৫ হাজার টন।
বিএসটিআই সূত্র জানায়, গত বছর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যতবার খুচরা বাজারে খেজুর পরীক্ষা করা হয়েছে ততবারই ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু এই পরীক্ষাপদ্ধতি নিয়ে বিতর্ক ওঠে। এ কারণে এবার খেজুরে ফরমালিনের পরীক্ষা করা হচ্ছে না।
বিএসটিআইয়ের উপপরিচালক শওকত ওসমান গতকাল বুধবার বলেন, খেজুরে ফরমালিন পরীক্ষার পদ্ধতি নির্ভুল নয়। তাই এবার খেজুরে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে না।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. মেহবুব হক প্রথম আলোকে বলেন, রোজার প্রায় সব নিত্যপণ্যের আমদানি গত বছরের তুলনায় বেড়েছে। ব্যতিক্রম শুধু খেজুর। গতবারের চেয়ে এ পণ্যটির আমদানি এবার কম।
দেশে সবচেয়ে বেশি খেজুর আমদানি করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। আমদানি কমার কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ফরমালিন আতঙ্কের কারণে গত বছর খেজুর বিক্রি কমে গিয়েছিল। এবার ভয়ে অনেকে খেজুর আমদানি করেননি। তবে আমদানি কমলেও চাহিদা কমায় সংকট হবে না।
গত রোজার সময় আমদানির পরও বিক্রি না হওয়া খেজুর বিক্রির চেষ্টা করছেন অনেকে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি হিমাগার থেকে গতকাল বুধবার ৬৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়।
আমদানি করা খেজুরে পোকামাকড় থাকলে তা ধ্বংস করে ছাড়পত্র দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। জানতে চাইলে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের চট্টগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ মিয়া প্রথম আলোকে বলেন, গত পাঁচ মাসে যেসব চালান খালাস হয়েছে, সেগুলোতে পোকামাকড় পাওয়া যায়নি।
চট্টগ্রামের খুচরা বাজার ঘুরে দেখা যায়, সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে হচ্ছে কেজিপ্রতি সর্বোচ্চ ১৪০ টাকা। প্যাকেটজাত খেজুরের বেশির ভাগই আধা কেজির প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত খেজুর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা থেকে ৩৬০ টাকা। তবে ভালোমানের খেজুরের দাম পড়ছে কেজিপ্রতি ৬০০-৭০০ টাকা।
ব্যবসায়ীরা জানান, ইরানের মরিয়ম খেজুর কেজিপ্রতি ৪০০-৫০০ টাকা, তিউনিসিয়ার খেজুর ৪০০-৪৫০ টাকা, সৌদি আরবের খেজুর ১৩০-১৪০ টাকা, ইরানের খেজুর ১০০ টাকা, আরব আমিরাতের খেজুর ১০০-১১০ টাকায় বিক্রি করছেন। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ইরাক থেকে আমদানি হওয়া খেজুর। এগুলোর দাম কেজিপ্রতি ৫৫-৬০ থেকে ৭০-৯০ টাকার মধ্যে।