চাহিদা চার হাজার পুলিশের, আশ্বাস ছয় হাজারের

নির্বাচনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় সদর দপ্তরের কাছে অতিরিক্ত চার হাজার সদস্যের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সদর দপ্তর চাহিদার চেয়ে আরও দুই হাজার বেশি পুলিশ সদস্য দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছে।
সিটি নির্বাচনে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করতে গত সপ্তাহে সিএমপির পক্ষে অতিরিক্ত পুলিশ চেয়ে সদর দপ্তরে আবেদন করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার গতকাল বুধবার মুঠোফেনে প্রথম আলোকে বলেন, ‘২৮ এপ্রিল সিটি নির্বাচনে নিরাপত্তার জন্য আমরা অতিরিক্ত চার হাজার ফোর্স চেয়েছি। সদর দপ্তর আমাদের ছয় হাজার ফোর্স দেবে বলে মৌখিকভাবে জানিয়েছে। দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তবে পুলিশি নিরাপত্তার পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েনের দাবি তুলেছে ২০-দলীয় জোট। গত শনিবার বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীর ওয়ার্ড ক্যাম্পে হামলার পর দলের নেতারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের দাবি তোলেন।।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, সেনাবাহিনী মোতায়েন এবং সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। ১৯ এপ্রিল এসব বিষয়ে আলোচনার পর কমিশন সিদ্ধান্ত নেবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সব নাগরিক যেন ভোটকেন্দ্রে যান সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারের সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। ভোট নেওয়া হবে ৭১৯ কেন্দ্রে। বুথের সংখ্যা পাঁচ হাজার ৯০৬টি।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরে পুলিশ সদস্যের সংখ্যা পাঁচ হাজার। ১৬টি থানা এবং বিভিন্ন ফাঁড়িতে সাড়ে তিন হাজার সদস্য কর্মরত আছেন। তাঁরা রুটিনমাফিক দায়িত্ব পালন করেন। রিজার্ভ দেড় হাজার সদস্যের সঙ্গে বাড়তি ছয় হাজার সদস্য প্রতিটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।