চাহিদা বেড়েছে চার গুণ

আগে ১১ হাজার লিটার তরল অক্সিজেনে চলত এক মাস। ২৪ জুনের পর থেকে এক সপ্তাহেই এ পরিমাণ অক্সিজেনের প্রয়োজন পড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বগুড়ার সরকারি দুই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। হাসপাতালে অক্সিজেনের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। এক মাস আগেও হাসপাতালে যে পরিমাণ অক্সিজেনের চাহিদা ছিল, এখন করোনায় আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় চাহিদা চার গুণ বেড়েছে।

জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষের শঙ্কা, এখনো তেমন কোনো সমস্যা হয়নি। তবে যে হারে রোগী বাড়ছে, তা অব্যাহত ও সরবরাহের ঘাটতি থাকলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। তখন চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হবে।

দুই হাসপাতালের মধ্যে মোহাম্মদ আলীতে অক্সিজেন সরবরাহ করে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড ও শহীদ জিয়াউর রহমান মেডিকেলে লিনডে বাংলাদেশ লিমিটেড।

* রোগীর সংখ্যা অনুপাতে অক্সিজেনের সরবরাহ বাড়ানো না হলে সংকটে পড়তে হবে। * তবে পর্যাপ্ত অক্সিজেন মজুত থাকার কথা বলেছেন জেলা প্রশাসক জিয়াউল হক।

মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের ডিপো ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হাসপাতালটিতে তরল অক্সিজেন সংরক্ষণের ট্যাংক ১৩ হাজার লিটার ধারণক্ষমতার। ট্যাংকে অক্সিজেন ২ হাজার লিটারে নামলেই দ্রুততম সময়ে স্পেকট্রার মানিকগঞ্জ কারখানা থেকে ১১ হাজার লিটার করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। গত ২৪ জুন পর্যন্ত এই হাসপাতালে ১১ হাজার লিটার তরল অক্সিজেন ট্যাংকে দেওয়া হলে তা দিয়ে এক মাস চলত। কিন্তু হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় এখন এক সপ্তাহেই ১১ হাজার লিটার অক্সিজেন ট্যাংকে সরবরাহ করতে হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ টি এম নুরুজ্জামান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, করোনা বিশেষায়িত হাসপাতালে ২২৫টি শয্যা। রোগী ভর্তি ২২৬ জন। প্রতিদিন গড়ে ২ হাজার লিটার তরল অক্সিজেন প্রয়োজন পড়ছে। সেই হিসাবে পুরো সপ্তাহের জন্য গড়ে ১৪ হাজার লিটার অক্সিজেন দরকার। হাসপাতালে ১৮ হাজার লিটার ধারণক্ষমতার তরল অক্সিজেন সংরক্ষণের ট্যাংক রয়েছে। অথচ সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা অক্সিজেন লিমিটেড সর্বশেষ গত সপ্তাহে ৮ হাজার লিটার অক্সিজেন সরবরাহ করেছে। এক মাসের ব্যবধানে দ্বিগুণ রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদা বেড়েছে। রোগীর সংখ্যা অনুপাতে অক্সিজেনের সরবরাহ আরও বাড়ানো না হলে সংকটে পড়তে হবে।

হাসপাতালটির প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত শ্বাসকষ্টে ভোগা রোগীদের সিলিন্ডারের অক্সিজেন সরবরাহ করা হতো। পরে হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়। হাসপাতালে চারটি হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে। তবে চালুর অভাবে এর দুটি বাক্সবন্দী হয়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে সিংহভাগ রোগীকে নন–রি–ব্রিদার মাস্ক দিয়ে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার পর্যন্ত করোনা ইউনিটের ১০০টি শয্যায় ১০০ জন রোগীই ভর্তি ছিলেন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ আরও ১০০টি শয্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, শয্যাসংখ্যা বাড়ানোর ফলে অক্সিজেনের চাহিদাও বাড়বে। তখন সে অনুযায়ী অক্সিজেন না মিললে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে।

পরিস্থিতি মোকাবিলার আগাম প্রস্তুতির বিষয়ে জানতে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের বগুড়া অঞ্চলের কর্মকর্তা হাসিন রশীদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, জেলায় করোনা রোগীদের জন্য অক্সিজেনের সংকট নেই। পর্যাপ্ত অক্সিজেন মজুত আছে।