চায়ের কাপে মুসলিমার বেঁচে থাকার লড়াই
কাক ডাকা ভোরে মুসলিমার (৫২) কানের কাছে ভেজে ওঠে মুঠোফোনের অ্যালার্ম। তড়িঘড়ি বিছানা ছেড়ে একটি চায়ের কেটলি আর কিছু শুকনা খাবার নিয়ে বেরিয়ে পড়েন ঘর থেকে। তখনো নগরের রাস্তাঘাট ফাঁকা। এর মাঝেই ক্রেতার আশায় দোকান খুলে বসেন মুসলিমা। ভোর শেষে সকালের আলো ফোটে। এক-দুই করে বাড়তে থাকে চা বিক্রির ব্যস্ততা। আর সে ব্যস্ততা ক্লান্তিহীনভাবে সকাল, দুপুর, বিকেল ছাড়িয়ে চলে গভীর রাত পর্যন্ত।
মুসলিমার ঘরে অসুস্থ স্বামী। কোনো কাজ করতে পারেন না। দুই ছেলের দুজনই বেকার। এর মধ্যে বড় ছেলে নূর মোহাম্মদ বিয়ে করেছেন। দুটি সন্তান আছে তাঁর। কিন্তু কোনো কাজ করেন না তিনি। ছোট ছেলে মনিরুল ইসলাম বেশির ভাগ সময় নানা অসুস্থতায় ভোগেন। সংসারের ঘানি টানতে হয় মুসলিমাকেই। আরামের ঘুমের পরিবর্তে প্রতিদিন সকালে মুসলিমাকে নামতে হয় জীবনযুদ্ধে।
মুসলিমার দোকান গাজীপুর নগরের জয়দেবপুর-টঙ্গী সড়কের কাজীবাড়ি এলাকায়। রাস্তার পাশে একটি পাকা ঘরে মুদিপণ্যের সঙ্গে বিক্রি করেন চা। গত সোমবার রাত ১২টার দিকে মুসলিমাকে দোকানে পাওয়া যায়। তখন সড়কে চিরচেনা যানবাহনের কোলাহল, মানুষের হাঁকডাক নেই। সড়কবাতির আলোয় যত দূর চোখ যায়, কেবল শূন্যতা। এর মধ্যেই দোকানে ক্রেতার আশায় বসে আছেন মুসলিমা। তাঁর শরীরে সারা দিনের ক্লান্তির ছাপ। ঘুমো ঘুমো চোখ। এর মধ্যেই কোনো ক্রেতা এলে ক্লান্তি ভুলে চা বানানোয় ব্যস্ত হয়ে পড়ছেন তিনি।
ব্যস্ততার মধ্যেই কথা হচ্ছিল মুসলিমার সঙ্গে। আলাপে উঠে আসে, দিন-রাত রাস্তার পাশে বসে চা বিক্রির কষ্ট, সংসার খরচ মেটাতে না পেরে সন্তানের লেখাপড়া বন্ধ করার কষ্ট, টাকার অভাবে অসুস্থ স্বামীর উপযুক্ত চিকিৎসা করাতে না পারার আক্ষেপ।
মুসলিমা বলছিলেন, প্রায় ১০ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছেন তিনি। এর আগে স্বামী নুরুল ইসলাম চা বিক্রি করতেন শহরের জয়দেবপুর রেলজংশন এলাকায়। তাঁর আয় দিয়েই চলত পুরো পরিবার। সন্তানদেরও লেখাপড়া চলছিল ঠিকঠাক। হঠাৎ সরকারি উচ্ছেদে ভাঙা পড়ে নুরুলের দোকান। এরপর সংসারে দেখা দেয় টানাপোড়েন। তার কিছুদিনের মধ্যেই হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন নুরুল। সেই থেকেই চরম বিপর্যয়ে পড়ে পুরো পরিবার।
একদিকে সন্তানের লেখাপড়া, অন্যদিকে অসুস্থ স্বামী ও সংসার খরচ সব মিলিয়ে জীবনের এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন মুসলিমা। প্রথমে কিছুদিন জমানো টাকা ভেঙে, কিছুদিন মানুষের কাছ থেকে ধারদেনা করে সংসার চালান তিনি। এ অবস্থা বেশি দূর এগোয়নি। সংসারের খরচ জোগাতে না পেরে বন্ধ হয়ে পড়ে দুই সন্তানের লেখাপড়া।
সংসারের হাল ধরতে মুসলিমা কাজ নেন একটি পোশাক কারখানায়। কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি। এরপর স্থানীয় কয়েকজনের পরামর্শে চায়ের দোকান নিয়ে বসেন তিনি। মুসলিমা বলেন, ‘গার্মেন্টেসে চাকরি করে যে বেতন পাইতাম, তা দিয়া কোনোভাবেই সংসার চলছিল না। আবার আমিও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াইতে না পাইরা অসুস্থ হইয়্যা পড়ছিলাম। পরে বাধ্য হইয়্যাই কয়েকজনের পড়ামর্শে মানুষের কাছ থেইক্যা ধারদেনা কইরা দোকান নিয়া বসি। এহন যে আয়, তা দিয়া মোডামুডি চলন যায়।’
মুসলিমার সঙ্গে কথা বলতে বলতে রাত প্রায় সাড়ে বারোটা। নির্জন সড়ক আরও নির্জন। মোটামুটি ক্রেতার আশা ছেড়ে দিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি। হঠাৎ আক্ষেপ করে মুসলিমা বলেন, ‘মাঝেমধ্যে মনে হয়, দুনিয়ার সবচাইতে লজ্জার কাম এই চা বেচা। রাস্তাঘাটে কত মানুষ, কত রকম কথা কয়, কিন্তু তারপরেও সব সহ্য কইরা চা বেচতে হয়। কী করুম, চা না বেচলেও তো সংসার চলব না। টেকার লাইগ্যা ছেলে দুইডারে মানুষ করতে পারলাম না। এহন চা বেচলে তো না খাইয়া থাকন লাগব।’