চায়ের দোকান থেকে ওয়ান শুটারগানসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় চা-দোকান থেকে ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফরিদুল আলম (৪৮)। তিনি আইরমঙ্গল গ্রামের মৃত বয়েজুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গতকাল রাতে আইরমঙ্গল গ্রামের একটি চায়ের দোকানে বসে ফরিদুল আলম আড্ডা দিচ্ছিলেন। এ সময় র্যাব ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জানিয়েছেন, তিনি অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতেন।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানায় এর আগেও একটি মামলা ছিল।