চায়ের দোকানের আগুন ছড়িয়ে গেল চারপাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে
ছবি: প্রথম আলো

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া টেম্পোস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে আটটি দোকান ও তিনটি বাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১২টায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাজারের এক নৈশপ্রহরী টেম্পোস্ট্যান্ডের একটি চায়ের দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকান ও বাড়িঘরে আগুন লেগে যায়। এতে মুদি, ওষুধ, কীটনাশক ও চায়ের টংসহ আটটি দোকান এবং তিনটি বাড়ি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মুদিদোকানি ইসমাইল হাওলাদার বলেন, আগুনে মালামালসহ দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরেক দোকানদার আলমগীর শেখ বলেন, ‘রাত ১২টার পর আমরা আগুনের খবর পাই। দ্রুত সেখানে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। এই সময়ের মধ্যে বেশির ভাগ দোকান আগুনে পুড়ে স্থাপনাসহ মালামাল ছাই হয়ে গেছে।’

খবর পেয়ে কাউখালী ও ঝালকাঠির রাজাপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমরান হোসেন বলেন, চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে।