রংপুরের বদরগঞ্জ
চিকলী নদীর ভাঙনে বসতঘর বিলীন
বন্যায় চিকলরি পড় ও ইন্দিরাপাড়ার কাছে রাস্তার প্রায় ৪০০ মিটার নদীতে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে চিকলী নদীর ভাঙনে ৫০টি বসতঘর, আবাদি জমি ও প্রায় ৪০০ মিটার কাঁচা রাস্তা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে তিনটি গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি, সেতু, ফসলি জমি, তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ও একটি পাকা সড়ক।
চিকলির পড় গ্রামের ভোলা চন্দ্র রায় বলেন, এবারের বন্যায় তাঁর তিনটি বসতঘরসহ দুই গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ও ৩০ একর আবাদি জমি নদীতে ভেঙে গেছে। পানির স্রোতে নদীর ওপরে থাকা চম্পাতলী সেতুর পূর্ব প্রান্তের প্রতিরক্ষা পাকা পাড় ধসে যাওয়ায় সেতুটি হুমকির মুখে আছে।
গত মঙ্গলবার বিকেলে বদরগঞ্জের দামোরদপুর ইউনিয়ন পরিষদের আমরুলবাড়ি তুফানুপাড়া, চিকলির পড় ও ইন্দিরাপাড়া গ্রামে নদী ভাঙতে দেখা গেছে। সরেজমিন জানা যায়, এবারের বন্যায় চিকলী নদীর ভাঙনে চিকলির পড় ও ইন্দিরাপাড়া গ্রামের অন্তত ৫০টি বসতঘর, ৫০ একর আবাদি জমি নদীগর্ভে চলে গেছে।
এলাকার লোকজন জানান, ২৮টি গ্রামের লোকজন উপজেলা সদরে যাওয়া-আসা করতেন। সম্প্রতি বন্যায় চিকলরি পড় ও ইন্দিরাপাড়ার কাছে রাস্তার প্রায় ৪০০ মিটার নদীতে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। এতে ৪০ হাজার মানুষকে ৫-৭ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে।
চিকলির পড় গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, ‘৪০০ গজ আস্তা (রাস্তা) গোটালে (সম্পূর্ণ) ভাঙিয়া নদীত গেইচে। বিরিজটার (সেতু) পূর্ব মাথাত ভাঙন ধরচে। এলা সাত মাইল ঘুরিয়া চলাচল কইরবার নাগে। নদীটার জন্যে ভয়ে থাকি। খুব কষ্ট। নদী বান্দার জন্য এক দেড় হাজার টাকা চান্দা (চাঁদা) দিবার নাগলেও দিনু হয়।’
এদিকে চিকলীর নদীর ভাঙনে আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামের পাশে অন্তত ২০ একর আবাদি জমি ও গাছপালা বিলীন হয়েছে। ভেঙে যাচ্ছে এলাকার একমাত্র খেলার মাঠ। ভাঙনের মুখে আছে গ্রামটির দুই শতাধিক বসতবাড়ি, বদরগঞ্জ-লালদিঘী পাকা সড়ক, কবরস্থান ও মসজিদ।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, চিকলী নদীর ভাঙনকবলিত দুটি স্থান পরিদর্শন করে বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।