চিকিৎসককে মারধরের ঘটনায় যুবলীগ নেতাকে অব্যাহতি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকে মারধর ও তাঁর কক্ষে ভাঙচুর করার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি নেতা মাহবুবুল আলম ওরফে মনিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা যুবলীগ তাঁকে অব্যাহতির বিষয়টি জানায়।
জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আজ জরুরি সভা করে মাহবুবুল আলমকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ ও মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি নেতা মাহবুবুল আলম ফোন করে বাড়ি থেকে তাঁর মায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালেকিন মামুনকে। এ সময় মাহবুবুল আলমের মাকে হাসপাতালে আসতে বলেন সালেকিন। এতে মাহবুবুল ক্ষুব্ধ হন। এর ১৫ মিনিটের মধ্যে মাহবুবুল দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক সালেকিন মামুনকে মারধর করেন ও তাঁর কক্ষ ভাঙচুর করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সালেকিন মামুন মুক্তাগাছা থানায় মামলা করেন। বুধবার পুলিশ মাহবুবুল আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহবুবুল আলমকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।