চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে রোগী দেখায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সদর উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বাগবাটী ইউনিয়নের হরিনা পিপুলবাড়িয়া বাজারের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। যাঁকে জরিমানা করা হয়েছে, তিনি হলেন নাজমুল হুদা মিঠু।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলে ৫০ থেকে ১০০ টাকা ভিজিট নিয়ে বিভিন্ন ধরনের রোগী দেখে আসছিলেন কথিত চিকিৎসক নাজমুল হুদা মিঠু। চিকিৎসক না হয়েও তিনি চিকিৎসাপত্রে রোগীর ওষুধ, বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করতে দিতেন। এই অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা সৌমিত্র বসাক, সদর থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। চিকিৎসা কর্মকর্তা সৌমিত্র বসাক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।