চিকিৎসকের হাসিতে রোগীর স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো চিকিৎসক যদি দিনে ২০টি অস্ত্রোপচার করেন, তাহলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকদের শুধু বাণিজ্যমুখী হলে চলবে না, বিবেকবান হতে হবে। তাদের একটু ভালো ব্যবহার, একটু হাসি রোগীদের অনেক স্বস্তি দেয়। অনেক ক্ষেত্রে রোগ সারাতে এটি বড় নিয়ামক হিসেবে কাজ করে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামে প্রথম আলো আয়োজিত ‘নগরের স্বাস্থ্যসেবা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। নগরের পাঁচলাইশে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষাবিদ ও ভুক্তভোগী এক রোগী উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকের সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
বৈঠকে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থাকে নিয়ে জরুরি ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা করার তাগিদ দেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোর জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, আধুনিক রোগনির্ণয় ব্যবস্থা চালু করা এবং অনুমোদনহীন ভেজাল ওষুধের ব্যবহার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সরফরাজ খান চৌধুরী বলেন, নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করার সময়ই প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো সুবিধার বিষয়টি নিশ্চিত করা দরকার। আধাআধি কাজ করলে মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অনেক সময় হঠাৎ করে হাসপাতালের শয্যা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু সে অনুযায়ী জনবল কিংবা অন্যান্য সুবিধা থাকে না।
সাবেক এই জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। কিন্তু তার আগেই জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ করা দরকার। এ ছাড়া কোনো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করা যাবে না। নগরবাসীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হলে নীতিমালা করে স্বাস্থ্যকেন্দ্র বাড়াতে হবে।
এখন অনেকেই দেশের বাইরে চিকিৎসার জন্য ছুটছেন উল্লেখ করে সরফরাজ খান বলেন, অনেক ভালো চিকিৎসক রয়েছেন। অনেকে বিনা মূল্যে রোগীও দেখেন। কিন্তু কোনো চিকিৎসক দিনে ২০টি অস্ত্রোপচার করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকদের বিবেকবান হতে হবে। শুধু বাণিজ্যমুখী হলে হবে না।
সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেক সমস্যা রয়েছে। পরিচ্ছন্নতা, অত্যধিক রোগী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও জনবলের অভাব রয়েছে। তিনি বলেন, ‘ডাক্তারদের একটু ভালো ব্যবহার, একটু হাসি রোগীদের অনেক ভালো করে দিতে পারে। স্বস্তি দিতে পারে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা বিদেশেও প্রশংসিত হয়েছে। ৫০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে ওয়ার্ডভিত্তিক নগর স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। এডিবির অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রগুলো হয়তো মানসম্মত সেবা দিতে পারছে না। তিনি বলেন, স্থানীয় সরকার আইনে আছে, সিটি করপোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সে জন্য সমন্বিত একটি পরিকল্পনা দরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কারণে ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং বিভিন্ন সংক্রমণজনিত রোগ সহনীয় পর্যায়ে নেমে এসেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, চিকিৎসকদের মাত্রাতিরিক্ত রোগী দেখতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে আরও পাঁচ হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া হয়।
সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, করপোরেশনের স্বাস্থ্যসেবা একসময় প্রশংসার জায়গায় থাকলেও কয়েক বছর ধরে তা নেই। বিভিন্ন কারণে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। নগরে বিভিন্ন সংস্থা, এনজিও নিজেদের মতো করে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। কারও সঙ্গে কারও সমন্বয় নেই। এই অবস্থা নিরসন করতে সমন্বয় বাড়াতে হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, মানুষের রোগকে পুঁজি করে যেন কেউ ব্যবসা করতে না পারে। শক্তি প্রয়োগ করে, জেল-জরিমানা করে সবকিছু সম্ভব নয়।
ছাত্রাবস্থায় ভুল চিকিৎসার শিকার তরুণ আমিনুল ইসলাম বলেন, ‘ভারতের চিকিৎসকেরা এত আন্তরিকভাবে রোগীদের সঙ্গে কথা বলেন, তাতে রোগীরা অর্ধেক ভালো হয়ে যায়। কিন্তু ভুল চিকিৎসা করেও ডাক্তাররা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই অবস্থার অবসান চাই।’