চিকিৎসা ও পুনর্বাসনসেবা পাবেন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিআরপির মানিকগঞ্জ সেন্টার উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান। আজ দুপুরে জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকায়
ছবি: প্রথম আলো

সুবিধাবঞ্চিত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা দিতে মানিকগঞ্জে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকায় সিআরপির এ সেন্টারের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান।

সিআরপি সূত্রে জানা গেছে, এ সেন্টারের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৫ জুলাই। এখানে এ পর্যন্ত ৬০ জন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিদিন গড়ে ৭০ জনকে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হচ্ছে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

উদ্বোধনের পর সিআরপি পরিচালিত স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, ইউএনডিপির বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বক্তব্য দেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পুনর্বাসন করা গেলে সাধারণ মানুষের মতোই তাঁরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তাই তাঁদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, এনজিও এবং বিদেশি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে ৪২ বছর ধরে দেশের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা দিয়ে আসছে সিআরপি। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতোধারায় নিতে এবং সমাজে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে সিআরপি বিভিন্ন ট্রেড কোর্সে বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রশিক্ষণ শেষে বিভিন্ন করপোরেট হাউস, পোশাক কারখানা, বেসরকারি অফিসে চাকরির ব্যবস্থাসহ আত্মকর্মসংস্থানে তাঁদের আর্থিক সহযোগিতা করা হয়।

প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার ব্রত নিয়ে সিআরপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বলেন, সরকারের পাশাপাশি দেশি–বিদেশি দাতা সংস্থা এবং ব্যক্তিপর্যায়ে কেউ কেউ সিআরপির সেবামূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে আসছেন। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিরতণ করা হয়। এরপর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সিআরপির মানিকগঞ্জ সেন্টারের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও সেন্টারটি পরিদর্শন করেন।

সিআরপি সূত্র জানায়, ২০০৪ সালে মানিকগঞ্জের যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক রায়হান মাহবুব জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকায় ৪ দশমিক ৫ একর জমি সিআরপির নামে রেজিস্ট্রি করে দেন। এর দুই বছর পর তিনি মারা যান। এরপর ওই জমির ওপর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সিআরপি। ৬ তলা ভিত্তির ওপর দোতলা ভবন নির্মাণে ১০ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হয়। এর ৮ কোটি টাকা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ২ কোটি ২৯ লাখ টাকা সিআরপি দিয়েছে।