চিকিৎসা করতে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। আজ দুপুরে মানিকগঞ্জের ঘিওরে
ছবি: প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কঠিন সময় পার করছি, যা এক–এগারোর চেয়েও কঠিন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাঁর চিকিৎসা করতে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।’

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকার বিএনপির রাজনীতিকে পুরোপুরি নির্মূল করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছয় শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। হাজারের বেশি নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এখন আবার নতুন করে ছোটখাটো বিষয়ে মামলা করা হচ্ছে। বিএনপির রাজনীতিকে পুরোপুরি নির্মূল করতে এসব করা হচ্ছে। সরকার অতীতেও এ চেষ্টা করছে। এখন আবার নতুন করে শুরু করেছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সরকারের ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বেড়েছে। তেলের দাম কমাতেই পারছে না, উল্টো বাড়ছে। সরকারের এটা নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নেই। যাঁরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন, তাঁরা সবাই এই সরকারে মদদপুষ্ট বলে তিনি দাবি করেন।

বর্তমান সরকারের মন্ত্রীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে এ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জবাবদিহিতা না থাকায় তারা সাধারণ মানুষের কথা চিন্তাও করে না। মন্ত্রীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তাঁদের কথায় জনগণের প্রতি ভালোবাসা নেই, সেটা স্পষ্ট। মন্ত্রীরা বলছেন, দাম বাড়লে কী হবে, মানুষের আয়ও বেড়েছে। তাঁরা একবার চিন্তা করেন না, কত টাকা আয় বেড়েছে আর কত টাকা ব্যয় বেড়েছে। এ ধরনের কথা বলে সরকারের মন্ত্রীরা জনগণের সঙ্গে রসিকতা করছেন, মসকরা করছেন।

দুপুর ১২টায় ঘিওর উপজেলার পাচুরিয়া জামে মসজিদের পাশে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিন, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে খোন্দকার দেলোয়ারের কবরে মির্জা ফখরুলসহ অন্যান্য নেতা–কর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন
ছবি: প্রথম আলো

খোন্দকার দেলোয়ারের স্মৃতিচারণা করে হাবিবুর রহমান বলেন, খোন্দকার দেলোয়ার সংকটকালে দলের হাল ধরেছিলেন। দলকে সুসংগঠিত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাঁর ত্যাগের বিনিময়ে নতুন প্রজন্ম সুস্থ রাজনীতির ছোঁয়া পেয়েছে।

পরে খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মির্জা ফখরুল। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা, জেলা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা, শ্রমিক দল জেলা শাখা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।