চিকিৎসা শেষে ট্রেনে পা কাটা পড়া মরিয়মের মুখে ফুটল হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছে ১০ বছর বয়সী মরিয়ম। তার মুখে এখন হাসি ফুটেছে
ছবি: সংগৃহীত

একটি ট্রেন দুর্ঘটনা শিশু মরিয়মের মুখের হাসি কেড়ে নিয়েছিল। দিনমজুর মা-বাবা তার চিকিৎসা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। তবে শিশুটির পাশে দাঁড়ান দেশে–বিদেশের নানা পেশার মানুষ। প্রায় ২ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে ১০ বছর বয়সী মরিয়ম। তার মুখে এখন হাসি ফুটেছে।

হাসপাতালের ছাড়পত্র পেয়ে গতকাল শনিবার বিকেলে মরিয়ম স্বজনদের সঙ্গে আপন ঠিকানায় ফিরেছে। মরিয়ম দিনমজুর মা-বাবার সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রেলস্টেশন চত্বরে স্থাপিত ‘আলোর পাঠশালা’ নামের একটি স্কুলে পড়ে সে। তার মায়ের নাম আম্বিয়া বেগম, আর বাবা বাবুল মিয়া।

মরিয়ম অন্য শিশুদের সঙ্গে প্রতিদিন ট্রেনের বগিতে উঠে প্লাস্টিকের বোতল কুড়াত। গত ২২ ফেব্রুয়ারি সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে প্রবেশ করছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সে হাত ফসকে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পায়ের নিচের অংশ। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ নিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ল শিশুর পা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।

এদিকে মরিয়মকে সিলেটে স্থানান্তরের পর মানবিক টিম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে শিশুটির কথা তুলে ধরে তার চিকিৎসার জন্য অর্থসহায়তা চান। এতে দেশ ও বিদেশের কিছু লোক সাড়া দেন। তাঁদের আর্থিক সহায়তায় শিশুটির চিকিৎসা চলতে থাকে। মরিয়মের পায়ে চার দফা অস্ত্রোপচার হয়। শেষ পর্যন্ত শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র মেলে। এরপর মানবিক টিমের সদস্যরা একটি অটোরিকশা ভাড়া করে স্বজনদের সঙ্গে তাকে কুলাউড়ায় পাঠান। শিশুটির চলাফেরার জন্য একটি হুইলচেয়ার ও ক্রাচ কিনে দেওয়া হয়েছে।

কাজের পাশাপাশি শিশু মরিয়মের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ রাখতেন টিমের প্রধান সমন্বয়ক সিলেট নগর পুলিশের (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) নায়েক পদে কর্মরত কুলাউড়ার বাসিন্দা সফি আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, শিশু মরিয়মের চিকিৎসা তহবিলে ৬০ হাজার টাকা জমা পড়ে। চিকিৎসায় খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ১০ হাজার টাকা তাঁদের হাতে আছে।

এ ছাড়া কুলাউড়ায় আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান চৌধুরীর কাছে আরও প্রায় ২৪ হাজার টাকা জমা আছে। এসব টাকা দিয়ে মরিয়মের কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হবে। এ ব্যাপারে ইতিমধ্যে তাঁরা ঢাকায় অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন।

সফি আহমদ বলেন, বাংলা নববর্ষের প্রথম দিন তাঁদের সংগঠনের সদস্যরা হাসপাতালে গিয়ে মরিয়মের সঙ্গে কিছু সময় কাটান ও গল্প করেন। এর আগে পয়লা বৈশাখে পরার জন্য সে শাড়ি আবদার করেছিল। সেই শাড়ি পেয়ে খুব খুশি হয় সে। পয়লা বৈশাখে মরিয়মের মা তাকে শাড়ি পরিয়ে হুইলচেয়ারে নিয়ে বেড়ান।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মরিয়ম খুশি হয়ে বলে, হুইলচেয়ারে করে সে বিদ্যালয়ে যেতে পারবে, সহপাঠীদের সঙ্গে আবার দেখা হবে, এটাই এখন তার কাছে আনন্দের।

মরিয়মের মা আম্বিয়া বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ‌‘জগতে ভালা মানুষ আছে। এর লাগি আমার মেয়েটা বাঁচছে। তাঁরার (চিকিৎসায় সহায়তাকারী লোকজন) লাগি আল্লাহর কাছে দোয়া করি।’