চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু
জামালপুর জেলা কারাগারের হাজতি শাকিল মাহমুদ (২৬) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত শাকিল মাহমুদের বাড়ি জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায়। তাঁর বাবা জামালপুর পৌরসভার সাবেক কমিশনার ছিলেন। নিহত যুবক মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানা-পুলিশ গত ১৯ ডিসেম্বর মাদক মামলায় শাকিল মাহমুদকে গ্রেপ্তার করে। পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠায়। গত মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার শাকিল কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলা ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত মাদক সেবনের কারণে ওই হাজতির ফুসফুসের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।