চিকিৎসাধীন নারীর ঝুলন্ত লাশ হাসপাতালের শৌচাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া নারীর নাম মালেকা বেগম (৫৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ইউরিন ইনফেকশনের কারণে পেটে ব্যথা নিয়ে মালেকা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। প্রতি রাতে তাঁর সঙ্গে স্বজনেরা থাকলেও গতকাল রাতে তাঁর সঙ্গে কেউ ছিলেন না। রাত সাড়ে ১১টার দিকে একই ওয়ার্ডের এক নারী শৌচাগারে ঢুকে জানালার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মালেকা বেগমকে ঝুলে থাকতে দেখেন। পরে স্বাস্থ্যকর্মীরা আলমডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হাদী মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, পেটে ব্যথা নিয়ে মালেকা বেগম ভর্তি হলেও দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, ‘১৪ বছরের চাকরিজীবনে সরকারি হাসপাতালে এই প্রথম কোনো আত্মহত্যার ঘটনা দেখলাম।’

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান বলেন, পরিস্থিতি দেখার জন্য উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই নারীর পরিবারের সদস্যরা মামলা করতে আগ্রহী নন। পুলিশ সুপারের অনুমোদন নিয়ে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।