চিকিৎসাধীন মা জানেন না দুর্ঘটনায় আদরের মেয়েটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় আজ সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। খাদে উল্টে পড়া একটি বাসকে তোলা হচ্ছে। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত সেতারা বেগম (২৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অস্ফুট গলায় তাঁর চার বছরের মেয়ে বাবলিকে খুঁজছেন। জানেন না, তাঁর আদরের মেয়ে দুর্ঘটনাস্থলে মারা গেছে। বাবলি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইউসুফপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ রোববার সকাল পৌনে আটটার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনাকবলিত সেলফি পরিবহনের চালকসহ চারজন পুরুষ ও একটি শিশু।

দুর্ঘটনায় নিহত যাত্রী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রংপুর নগরের তাজহাট এলাকার বাসিন্দা আবদুল মতিন (৭২) তাঁর ভগ্নিপতির জানাজায় অংশ নেওয়ার জন্য জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাঁর জানাজা পড়া হলো না। তিনি দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান। তিনি কুড়িগ্রাম থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনে পীরগঞ্জের লালদিঘি যাওয়ার জন্য এই বাসে ওঠেন রংপুরের তাজহাট এলাকায়।

আহত যাত্রীদের উদ্ধৃতি দিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, দুটি বাসের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির চালকদের ঢাকা থেকে যেতে যানজটে আটকা পড়ে টানা ১৯ থেকে ২০ ঘণ্টার বেশি সময় পর্যন্ত গাড়ি চালাচ্ছিলেন।

নিহতের মধ্যে দুর্ঘটনাকবলিত সেলফি পরিবহনের চালক আবদুল খলিল (৫০)। তাঁর বাড়ি সাভারের বুড়াল এলাকায়। দুর্ঘটনায় নিহত বাকি দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন জোয়ানা পরিবহনের যাত্রী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাজীপাড়ার আহসান হাবীব (২৭)।

দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে নিহত শিশুর মা সেতারা বেগম আছেন।
বড়দরগা হাইওয়ে পুলিশের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক ইয়ামিন উদদৌলা বলেন, জোয়ানা পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। আর সেলফি পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টা থেকে আবার যান চলাচল শুরু হয়।