চিকিৎসায় অবহেলার অভিযোগ, ফরিদপুরে এক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা
অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় নবজাতকের ডান হাতের কনুইয়ের জয়েন্ট বিচ্ছিন্ন করে ফেলার অভিযোগে আরামবাগ হাসপাতাল নামের ফরিদপুরের বেসরকারি এক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে এ আদেশ দেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা সোয়া ১১টার দিকে সিভিল সার্জন শহরের পশ্চিম খাবাসপুর মহল্লা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত আরামবাগ হাসপাতালে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফরিদপুর সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফতেমা করিম।
সরেজমিন পরিদর্শনকালে ১০ শয্যার ওই হাসপাতালে যে সংখ্যক চিকিৎসক ও নার্স থাকা প্রয়োজন, তা পাওয়া যায়নি। ওই সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক আলী চৌধুরী। পরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জোবায়েরকে ফোন দিয়ে ডেকে আনা হয়।
আলী চৌধুরী জানান, এ হাসপাতালে শুধু আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত, আর কোনো নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নেই। অথচ ১০ শয্যার একটি হাসপাতালে তিনজন চিকিৎসককে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার কথা। ছয়জন নিয়োগপ্রাপ্ত নার্স থাকার কথা থাকলেও, তিনজন নিয়োগপ্রাপ্ত নার্স পাওয়া যায়।
বেসরকারি হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসক, নার্স ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেন সিভিল সার্জন। যেসব রোগী চিকিৎসাধীন, তাঁদের মধ্যে যাঁরা সুস্থ, তাঁদের ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া এবং যাঁরা অসুস্থ, তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন সিভিল সার্জন।
প্রসঙ্গত, ওই হাসপাতালে গত ১৩ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেশিশুর জন্ম দেন মৌসুমি আক্তার। মৌসুমি শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা পোলট্রি ফিড ব্যবসায়ী আরিফুল ইসলামের স্ত্রী। এটি ছিল তাঁদের দ্বিতীয় সন্তান। গত মঙ্গলবার আরিফুল ফরিদপুরের সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
ওই লিখিত অভিযোগে বলা হয়, ‘১৩ ডিসেম্বর আরামবাগ হাসপাতালে অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অবহেলা বা গুরুত্ব না থাকায় আমার (আরিফুল) শিশুবাচ্চার হাত অতিরিক্ত টান দিয়ে হাতের কনুই থেকে হাড্ডির (হাড়) জয়েন্ট ছুটিয়ে ফেলে। আমার বাচ্চার শারীরিক নির্যাতন, আমাদের আর্থিক ও মানসিক নির্যাতনের জন্য উল্লিখিত হাসপাতাল ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৩ ডিসেম্বর বেলা ৩টা ৪০ মিনিটে এ অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার কক্ষে নবজাতক চিৎকার করে কেঁদে ওঠে। ওই সময় আমার স্ত্রী শুনতে পান, চিকিৎসক শারমিন সুলতানা আয়াকে নবজাতকের ডান হাত মালিশ করার পরামর্শ দেন। পরে এক্স-রে করে দেখা যায়, শিশুটির হাতের কনুইর হাড়ের জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটি বর্তমানে ঢাকার পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ সেন্টারে অধ্যাপক সানোয়ার ইবনে সারামের অধীনে চিকিৎসাধীন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার অভিযান চালানো হয় ওই হাসপাতালে। পরিদর্শনকালে ওই হাসপাতালের নানা অব্যবস্থাপনা চোখে পড়ে। চিকিৎসক শারমিন নিজে বিএসএস ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের চিকিৎসক না হয়েও, হাসপাতালের নামফলকে তাঁর এ পরিচিতি লিখেছেন। এ ছাড়া ফার্মাসিস্ট রাজীব হোসেন নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, অভিযোগকারী আরিফুলকে শিশুটির হাতের এক্স-রে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে তাঁরা ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে চাইলে মামলা করতে পারেন।
সিভিল সার্জন আরও বলেন, আরামবাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে চালাতে চিকিৎসক, নার্সসহ যে পরিমাণ জনবল, সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, সে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওই হাসপাতাল বন্ধ থাকবে।
জানতে চাইলে আরামবাগ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাসপাতালে কিছু সমস্যা থাকায় সিভিল সার্জন হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। আমরা আমাদের ঘাটতি পূরণ করে পুনরায় হাসপাতাল চালুর উদ্যোগ নেব।’
শিশুটির বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত হয়েছে।