ডায়াবেটিস
চিকিৎসায় যাচ্ছে ভিটেমাটি
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
সাপিয়ার রহমানের (৪৪) দুই পা কাটা হয়েছে। চার মাস ধরে শুয়ে আছেন হাসপাতালের বেডে। দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে তাঁর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ১০ বছর বয়সী ছেলে ফজলে রাব্বী। হতাশবদনে পায়ের দিকে বসে আছেন স্ত্রী রুবী আক্তারও।
ডায়াবেটিসে আক্রান্ত সাপিয়ারের পা প্রথম কেটে ফেলা হয় ২০১৯ সালে। সে যাত্রায় অস্ত্রোপচারের মাধ্যমে গ্যাংগ্রিনে আক্রান্ত বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকেরা। সর্বশেষ গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি ডান পা–ও হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। একদিকে পা হারানোর প্রবল যন্ত্রণা, অন্যদিকে বেঁচে থাকার আকুতি নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন সাপিয়ার। তাঁর চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। চিকিৎসকেরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় সুস্থ হতে সাপিয়ারের আরও কিছু সময় লাগবে।
সাপিয়ারের বাড়ি নীলফামারী সদর উপজেলার সরকারপাড়া গ্রামে। ধান-চালের ব্যবসা করতেন তিনি। তাঁদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে এইচএসসি পাস করেছেন। মেজ মেয়ে এসএসসি পরীক্ষার্থী, ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে। আর একমাত্র ছেলে ফজলে রাব্বী ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সম্পত্তি বলতে ছিল ভিটেমাটিসহ ৩৬ শতক জমি। গত দুই বছরে ৫ শতক বাদে পুরো জমি বিক্রির টাকায় সাপিয়ারের চিকিৎসা চলেছে। সেই সঙ্গে বিক্রি করতে হয়েছে আটটি গরু-ছাগলও। তাঁর পুরো সুস্থ হতে আরও দুই লক্ষাধিক টাকা প্রয়োজন পড়বে। এবার বাকি ৫ শতকের ওপর থাকা ভিটেবাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সাপিয়ার।
সাপিয়ারের স্ত্রী রুবী বলেন, ‘১১ বছর হয় আমার স্বামীর ডায়াবেটিস ধরা পড়েছে। ওষুধ খাইতো মাঝেমধ্যে। দুই বছর আগে বাঁ পায়ে একটি ফোসকা হয়। সেটা ধীরে ধীরে বড় হচ্ছিল, ওষুধও খাচ্ছিল নিয়মিত। কিন্তু ঘা শুকায় না। পরে চিকিৎসকের পরামর্শে অপারেশন করতে হয়। সাত মাস পরে সুস্থ হয়। ডান পায়েও ঠিক একইভাবে ফোসকা থেকে ঘা হয়। আর শুকায় না। সর্বশেষ ডান পা–ও কেটে ফেলতে হলো। মেয়েদের তাদের দাদির কাছে রেখে ছৈলটাক নিয়া চার মাস ধরে পড়ি আছি হাসপাতালত।’
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পরিবারগুলোর অবস্থা সাপিয়ারের পরিবারের মতোই। গতকাল সোমবার দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। নারী-শিশু-পুরুষ ওয়ার্ডে ডায়াবেটিসে আক্রান্ত মোট ২৯ জন রোগী ভর্তি। তাঁদের মধ্যে ১৩ জনেরই অঙ্গহানি হয়েছে। কারও এক হাত নেই, কারও নেই এক পা। তবে দুই পা হারানো একমাত্র রোগী সাপিয়ার। প্রত্যেকের ভিটেমাটি বিক্রি করে চিকিৎসার গল্পগুলো প্রায় একই রকম। চিকিৎসার খরচ জোগাতে কাহিল পড়েছেন তাঁরা।
হাসপাতালের করিডরে বসে আছেন বিরামপুর থেকে আসা নাসরিন আক্তার (৪৫)। সকাল সাড়ে ছয়টায় নৈশকোচে চেপে হাসপাতালে এসেছেন তিনি। রক্ত-মূত্র পরীক্ষার নমুনা দিয়ে অপেক্ষা করছেন প্রতিবেদনের। তিনি জানালেন, ১০ বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন। ১৮-২০ পয়েন্টে ডায়াবেটিস ওঠা–নামা করে তাঁর। প্রতি মাসের শেষ সপ্তাহে তিনি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেন।
তিন বছরে বেড়েছে ২৭ শতাংশ রোগী
দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাটের কিছু অংশের মানুষের ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২০১৮ সালে তাদের নিবন্ধিত ডায়াবেটিস রোগী ছিল ৮৩ হাজার ৫৬৯ জন। সেখানে বর্তমান নিবন্ধিত রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫১৩। এ হিসাব অনুযায়ী, গত তিন বছরে এসব অঞ্চলে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ২৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এর বাইরে বীরগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড ফুট কেয়ার সেন্টারের পরিচালক ডি সি রায় জানান, তাঁর হাসপাতাল প্রতিষ্ঠার এক বছরের মাথায় নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা পাঁচ সহস্রাধিক। এ ছাড়া অনেকে আছেন, যাঁরা নিয়মিত প্রাইভেট চেম্বারে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
গতকাল ২৮ ফেব্রুয়ারি ছিল ‘জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস’। প্রতিবছর ডায়াবেটিস সমিতির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিবসটি পালন করা হয়। এ দিবসে দেশব্যাপী ডায়াবেটিস নিয়ে সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। এ বিষয়ে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ঘুম কম হওয়া এবং কায়িক পরিশ্রম না হলে ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি বেশি। এসব বিষয়ে সচেতন হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমরা অধিকাংশই ফাস্ট ফুড, জাঙ্কফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটাই এ রোগ বাড়ার কারণ।’
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে রক্ত-মূত্র পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ ফি বাবদ একজন রোগীকে ১৫০ টাকায় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে এর বাইরে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যথারীতি নির্ধারিত ফি গ্রহণ করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনেরা বলেন, প্রতি মাসে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ইনসুলিনসহ যাবতীয় ওষুধপত্রের পেছনে অন্তত চার হাজার টাকা ব্যয় করতে হচ্ছে তাঁদের।
ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সফিকুল হক বলেন, প্রতি মাসে ১০ শতাংশ দরিদ্র ও অসহায় রোগীকে হাসপাতাল থেকে বিনা মূল্যে ইনসুলিন সুবিধা ও ওষুধপত্র দেওয়া হয়।
১৯৮৭ সালে স্থানীয় কয়েকজন ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ হাসপাতাল। পরে ২০০০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের টাকায় নির্মিত হয় দ্বিতল ভবন। ৩০ শয্যার হাসপাতাল হলেও করোনাকালীন তা ৮০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালে কর্মরত আছেন ২৫ জন নার্স এবং ১৬ জন চিকিৎসক। তবে বিশেষজ্ঞ সার্জন না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।