
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সমন্বয় বৈঠকে আলোচকেরা বলেছেন, গণমাধ্যমে যেভাবে চিকুনগুনিয়াকে ‘মহামারি’ হিসেবে দেখানো হচ্ছে, বাস্তবে চিত্র তেমন নয়। সাধারণ জ্বর নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেও সেটাকে চিকুনগুনিয়া বলা হচ্ছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো ঠিক নয়। কোন এলাকায় এবং কেন চিকুনগুনিয়া হচ্ছে, তার নমুনা সমীক্ষা করার ওপর জোর দেন বক্তারা।
গতকাল শনিবার দুপুরে চিকুনগুনিয়া নিয়ে করণীয় বিষয়ে এক আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ঢাকার দুই মেয়র, চিকিৎসক, রোগ গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের কিছুটা সমালোচনা করে বলেন, ‘ক্রাইসিস না লিখলে গণমাধ্যম কীভাবে চলবে? তবে এটা ঠিক, যেভাবে প্রচার হচ্ছে, বিষয়টি আসলে তেমন নয়। আবার এটাও ঠিক গণমাধ্যম সমালোচনা করেছে বলেই আমরা তৎপর হয়েছি।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে এ রোগের বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। আগামী বছর যাতে এ রোগ না হয় সেটার জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। বিশেষ করে, ব্যথা কীভাবে উপশম করা যায়, তার উপায় খুঁজতে হবে।’
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘এটা ঠিক, প্রথম দিকে এই রোগটির বিষয়ে তেমন জানতাম না, তাই মনোযোগ দিইনি। তবে যখনই এ রোগের প্রকোপ বেড়ে গেছে, তখনই আমরা সংগঠিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করার উদ্যোগ নেই। তবে গণমাধ্যমে যেভাবে এটাকে মহামারি বলে প্রচার করা হচ্ছে, আসলে বাস্তবে তা নয়।’
বাসায় গিয়ে চিকুনগুনিয়ার চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে গঠন করা কলসেন্টারের গত তিন দিনের হিসাব তুলে ধরে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘বৃহস্পতিবার কলসেন্টার চালু করার পর আজ পর্যন্ত ৪১ হাজার ৩২৫টি ফোন ধরা হয়েছে। ২৭ হাজার ৭৪৪ জন নাগরিক এসব কল করেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিক মাত্র ২ হাজার ৩৯ জন। ৩৬৮ জন সিটি করপোরেশনের কাছ থেকে চিকিৎসাসেবা চেয়েছেন, যার মধ্যে ১৬৬ জনকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাহলে ১৮ লাখ কীভাবে আক্রান্ত হলো?’
দক্ষিণের মেয়র কলসেন্টারের এই পরিসংখ্যান তুলে ধরলেও বিভিন্ন হাসপাতাল এবং বাসাবাড়িতে চিকিৎসাধীন ও ইতিমধ্যে এ রোগে ভোগা ব্যক্তিদের পরিসংখ্যান এতে পাওয়া যায় নি।
উল্লেখ্য, ১৯ জুলাই প্রথম আলোতে এক প্রতিবেদনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তিনটি জরিপের বরাত দিয়ে বলা হয়েছিল, এবার রাজধানীতে কমপক্ষে ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হতে পারে।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘এখনই করণীয় ঠিক করতে হবে। কোন কোন এলাকায় এ রোগের প্রকোপ বেশি, তা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে জরিপ করতে হবে। ঢাকায় কেন বেশি হচ্ছে, তা-ও খুঁজে বের করতে হবে। যদি এসির পানি থেকে হয় তবে কড়াইল বস্তিতে কেন হলো, তা-ও খুঁজে বের করতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, চিকুনগুনিয়া নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে আর কোনো রোগ নিয়ে এমন লেখালেখি এ দেশে হয়নি। সব রোগেই ব্যথা আছে। আক্রান্ত মানুষকে ভয় দেখানো ঠিক নয়। বরং কীভাবে মশক নিধন করা যায়, সেই দিকে যাওয়া উচিত।
লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমি নিজেও এই রোগে ভুক্তভোগী। বিষয়টি উদ্বেগের। এ অবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে।’
ঢাকার সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, যেভাবে মহামারি হিসেবে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। তবে সঠিক জরিপ বের করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিরুল বাশার বলেন, বিভিন্ন এলাকা থেকে মশা সংগ্রহ করেছে তাঁর গবেষক দল। এ নিয়ে জরিপ শেষ হওয়ার পর তাঁরা চিকুনগুনিয়ার উৎস শনাক্ত করতে পারবেন। তিনি মন্ত্রণালয়কে মশা নিধনে একটি মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেন।
উপস্থিত বক্তারা বলেন, এখন প্রধান কাজ হচ্ছে রোগীদের হাড়ের ব্যথা নিরসনের ব্যবস্থা নেওয়া। এ ব্যথা ছয় মাসও থাকতে পারে উল্লেখ করে বলেন, এ জন্য দীর্ঘমেয়াদি সেবা নেওয়া প্রয়োজন। এ ছাড়া চিকিৎসকেরা যেন রোগ না পরীক্ষা করে সেটাকে চিকুনগুনিয়া না বলেন, সে বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান।