বিদ্যালয়ের পাশে ভবন নির্মাণ
চিঠির পরও বন্ধ হয়নি কাজ
মেয়রের চিঠি দেওয়ার ছয় দিন পেরোলেও ভবন নির্মাণকাজ পুরোদমেই চলতে দেখা গেছে।
ফরিদপুর শহরে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের কিনার ঘেঁষে নির্মাণাধীন বহুতল ভবনের নকশার অনুমোদন বাতিলের পরও নির্মাণকাজ বন্ধ করা যায়নি। ২৩ জুন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস চিঠি দিয়ে বিদ্যালয়টিকে ধসে পড়ার হাত থেকে বাঁচাতে ওই পদক্ষেপ নেন। মেয়রের স্বাক্ষরিত চিঠিতে ভবন নির্মাণ বন্ধে এর নকশার অনুমোদন বাতিলের পাশাপাশি কাজটি যে প্রতিষ্ঠান করছে, তার ট্রেড লাইসেন্সও বাতিল করার কথা জানানো হয়। এরপর ছয় দিন পেরোলেও ভবন নির্মাণকাজ পুরোদমেই চলতে দেখা গেছে।
ওই বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। বিদ্যালয়ের দুটি ভবনের কয়েকটি কক্ষে ফাটল সৃষ্টি হয়েছে। শহরের ঝিলটুলী মহল্লায় বিদ্যালয়টির অবস্থান। ১৯২৭ সালে ৪০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ ছাত্রী পড়াশোনা করছে। বর্তমানে এমপিও, নন-এমপিওভুক্তসহ মোট ২১ জন শিক্ষক এ বিদ্যালয়ে কর্মরত আছেন।
নকশা ও ট্রেড লাইসেন্স বাতিলের ব্যাপারে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁরা এ ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছেন না।
সাত মাস আগে বিদ্যালয়ের দক্ষিণ অংশ ঘেঁষে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। ৮ শতাংশ জায়গার ওপর ‘বর্ণমালা-১২’ নামের একটি ১০ তলা ভবনের নির্মাণ শুরু করেছিল এলিয়ান উইভিং ফ্যাক্টরি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আবাসিক ফ্ল্যাট তৈরি করে বিক্রির পরিকল্পনা প্রতিষ্ঠানটির। এ বিষয়ে ২৩ ও ২৪ জুন পরপর দুই দিন প্রথম আলোর প্রিন্ট সংস্করণে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মেয়র স্বাক্ষরিত চিঠিতে ওই প্রতিষ্ঠানের উদ্দেশে বলা হয়েছে, ‘সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে বিএস ২৪০৬ নম্বর দাগে আপনার প্রতিষ্ঠান কর্তৃক একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ভবনটি স্কুলের ভবনের খুব কাছে এবং অনেক গভীর পর্যন্ত মাটি কেটে নির্মাণ করা হচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ব্যতীত এবং নকশাবহির্ভূতভাবে অতি গভীর পর্যন্ত মাটি কেটে ফেলায় বিদ্যালয়ের মূল ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, যা ভবন এবং ভবন ব্যবহারকারীদের হুমকির মুখে ফেলেছে। যেকোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ ব্যতীত নকশাবহির্ভূতভাবে অতি গভীর পর্যন্ত মাটি কেটে ফেলার কারণে স্কুল ভবনের ক্ষতিসাধন করার জন্য নকশার অনুমোদন বাতিল করা হলো। একই সঙ্গে বর্ণমালার নামে দেওয়া ট্রেড লাইসেন্সও বাতিল করা হলো।’
পৌরসভার ওই নির্দেশনাসংবলিত চিঠির অনুলিপি দেওয়া হয় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলী পৌরসভা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নির্মাণকাজ জোরেশোরে চলছে। ১০ জন শ্রমিককে মাটির নিচে বেজমেন্টের কাজ করতে দেখা যায়। ওই কাজে নিয়োজিত শ্রমিকেরা বলেন, দুই মাস ধরে ভূগর্ভস্থ কাজ চলছে। কাজ এক দিনের জন্যও বন্ধ করা হয়নি, পুরোদমে চলেছে। একজন শ্রমিক অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পৌরসভা চিঠি দেওয়ার পর অবশ্য দুই দিন কাজ বন্ধ ছিল। তাহলে আবার শুরু হলো কেন প্রশ্নে ওই শ্রমিক বলেন, ‘কাজ বন্ধ থাকে নাকি। টাকা দিলে সব ঠিকঠাক হয়ে যায়।’
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, ছয় তলার ঊর্ধ্বে ভবনগুলোর অনুমোদন ও তদারকির দায়িত্ব সাত সদস্যবিশিষ্ট বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির। এ কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। নকশা ও ট্রেড লাইসেন্স বাতিলের ব্যাপারে ওই কমিটির সদস্যদের লিখিতভাবে জানানো হয়েছে। তাঁরা এ ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছেন না।
জানতে চাইলে ওই কমিটির সাধারণ সম্পাদক ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা বরুণ কুমার বিশ্বাস বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে কয়েক দিন ছুটিতে ছিলাম। মেয়রের চিঠিটি আমি দেখিনি।’ তিনি বলেন, আজ বৃহস্পতিবার তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন।
ভবনটি নির্মাণকারী এলিয়ান উইভিং ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোয়েবুল ইসলাম বলেন, ‘আমরা চিঠি পাইনি। তা ছাড়া কোনো কারণ ছাড়া পৌরসভা নকশা বাতিল করতে পারে না।’ পৌরসভা ওই চিঠিতে কারণ উল্লেখ করেছে এ ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘স্বাস্থ্যগত কারণে আমি এখন বিদেশে রয়েছি। দেশে ফিরি, বিষয়টি দেখব।’