চিনি, চুন, ডালডায় তৈরি অর্ধশত মণ ‘খেজুরের গুড়’ জব্দ, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল গুড়, বিভিন্ন উপকরণসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে অর্ধশত মণ ভেজাল খেজুরের গুড় জব্দ করেছে পুলিশ। একটি কারখানা থেকে গুড়ে মেশানোর জন্য রাখা ১০ মণ চিনি, চুন, ডালডাসহ বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিকসহ সাতজনকে আটক করা হয়।

আজ সোমবার দুপুরে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার বিকেলে রাজশাহী জেলা পুলিশের একটি দল বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকপাড়া মহল্লার একটি কারখানায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার কারখানামালিকের নাম মো. রকিব আলী (৪২)। আটক ছয় সহযোগী হচ্ছেন সুমন আলী (৪২), মো. অনিক আলী ওরফে পাইলট (৩০), মাসুদ রানা (৩০), বিপ্লব হোসেন ওরফে সাজু (২৫), মো. মামুন আলী (২৭), মোহাম্মদ বাবু (২৫)। তাঁদের সবার বাড়িই আড়ানী চকপাড়া মহল্লায়।

সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে দু-তিন মাস ধরে ওই কারখানায় চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছেন। তাঁরা এগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকেন।

সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, গুড় তৈরির ক্ষেত্রে তাঁরা যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, সেগুলো মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও জটিল রোগের সৃষ্টি করে। এ ঘটনায় বাঘা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিদের বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস প্রমুখ।