ঠাকুরগাঁও চিনিকল
চিনিকলের আখ যাচ্ছে গুড় তৈরির কারখানায়
কৃষকেরা বলেন, চিনিকল থেকে আখের টাকা পেতে সময় লাগে। আর গুড় কারখানার মালিকেরা খেত থেকে বেশি দরে আখ কিনে নিয়ে যান।
চলতি মৌসুমে ৫০ দিন আখমাড়াই শেষে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও চিনিকল। মাড়াই বন্ধ হলেও চুক্তিবদ্ধ সব চাষি চিনিকলে আখ সরবরাহ করেননি। এসব চুক্তিবদ্ধ চাষি চিনিকলের বদলে স্থানীয় গুড় তৈরির কারখানায় আখ সরবরাহ করছেন। ফলে ঠাকুরগাঁও চিনিকলে আখের সংকট দেখা দিয়েছে।
সদর উপজেলার বেগুনবাড়ি, জামালপুর, মোহাম্মদপুর ও পীরগঞ্জের কোষাডাঙ্গীপাড়া, মুন্সিপাড়া এলাকা ঘুরে দেখা যায়, খেত থেকে আখ কাটছেন কৃষকেরা। বেগুনবাড়ি গ্রামের শরিফুল ইসলাম বলেন, সার, বীজ, শ্রমিকসহ উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় আখ চাষে তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। আবার আখের ফলনও কমে গেছে। এখন তাঁদের চিনিকলে আখ সরবরাহে কোনো আগ্রহ নেই। সরবরাহ করা আখের টাকা পেতে সময় লাগে ও দুর্ভোগ পোহাতে হয়। গুড় কারখানার মালিকেরা কৃষকের খেত থেকে সরাসরি বেশি দরে আখ কিনে নিয়ে যান। সে কারণে তাঁরা গুড় কারখানায় আখ বিক্রি করে দিচ্ছেন।
সদরের রওশনপুর গ্রামের রতন রায় বলেন, ১০ থেকে ১১ মণ আখ থেকে ১ মণ গুড় পাওয়া যায়। প্রতি কেজি গুড় বিক্রি হয় ৯০ থেকে ১১০ টাকায়। চিনিকলে আখ দেওয়ার চেয়ে তাঁদের তিন গুণ বেশি লাভ হয় গুড়ের কারখানায় দিলে।
ঠাকুরগাঁও চিনিকল সূত্রে জানা গেছে, ১৯৫৮ সালের ২০ ডিসেম্বর পরীক্ষামূলক উৎপাদনে যায় চিনিকলটি। আর ১৯৫৯ সালের ২০ নভেম্বর বাণিজ্যিকভাবে আখ মাড়াই শুরু করে। চিনিকল এলাকায় আখ চাষের উপযুক্ত জমি রয়েছে ৩৫ হাজার একর। চলতি মৌসুমে ঠাকুরগাঁও চিনিকল এলাকায় সাত হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ হাজার ৫২৫ একর জমিতে চাষিরা আখ রোপণ করেন।
চিনিকলের হিসাব অনুযায়ী, গত মাড়াই মৌসুমে পঞ্চগড় ও সেতাবগঞ্জ চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই দুই চিনিকল এলাকার চাষিদের ঠাকুরগাঁও চিনিকলে আখ সরবরাহ করতে বলা হয়। ওই মৌসুমে সব মিলিয়ে ঠাকুরগাঁও চিনিকল ১ লাখ ১৩ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৫২ মেট্রিক টন চিনি উৎপাদন করে। গত মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনিকল এলাকার চাষিদের কাছ থেকে ৬৯ হাজার মেট্রিক টন আখ পাওয়ার কথা ছিল। কিন্তু চিনিকলে সরবরাহ হয়েছে ৫০ হাজার মেট্রিক টন আখ।
চিনিকল সূত্র আরও জানায়, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম শুরু হয় গত বছরের ২৪ ডিসেম্বর। ১১ ফেব্রুয়ারি মাড়াইকাজ শেষ হয়। এ সময়ে ৫৭ হাজার ৮৩৭ মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৮৯৮ মেট্রিক টন চিনি উৎপাদন করে চিনিকলটি।
এর মধ্যে ঠাকুরগাঁও চিনিকলের নিজস্ব এলাকার ৩ হাজার ১৫০ একর জমিতে আবাদ করা ৩৬ হাজার ৮২৬ মেট্রিক টন আখমাড়াই হয়। আর পঞ্চগড় ও সেতাবগঞ্জ চিনিকল এলাকা থেকে আসে ১৩ হাজার ৪৭৪ মেট্রিক টন আখ।
চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, প্রতিবছরই চাষিরা উৎপাদিত আখের ১৫ থেকে ২০ শতাংশ আখ চিনিকলে সরবরাহ করেন না। এসব আখ চলে যায় স্থানীয় আখের গুড়ের কারখানায়। ফলে প্রতি মৌসুমেই চিনিকল আখের সংকটে পড়ে।
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, চিনিকল এলাকায় পাওয়ার ক্রাশারে আখমাড়াই অবৈধ। অবৈধ আখের গুড় তৈরির কারখানার মালিকদের বিরুদ্ধে তাঁরা অভিযান চালিয়েছেন। আখের চাষ ও সরবরাহ বাড়াতে তাঁরা কাজ করে যাচ্ছেন।