চিনিকলের জমি দখলমুক্ত করার দাবিতে অবরোধ
জমি দখলমুক্তের দাবিতে গতকাল শনিবার সকালে আবারও রেলপথ অবরোধ করেছেন রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। তাঁরা সকাল থেকে রেলপথের ওপর অবস্থান করে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের কারণে গতকাল সকাল আটটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত ঢাকার সঙ্গে রংপুরের রেলযোগাযোগ বন্ধ থাকে। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জে আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন। রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিনের দাবি, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের প্রায় ১ হাজার ২০০ একর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এই জমি উদ্ধারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, চিনিকলের জমি উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে সাহেবগঞ্জ ইক্ষু খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, কেউ চিনিকলের জমি দখল করেনি। স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজন তাঁদের বাপ-দাদার জমি দখলে নিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন।