চিরিরবন্দরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে পণ্যবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার কারেন্টহাট এলাকার কাঁকড়া সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন।
নিহত ওই স্কুলছাত্রের নাম সৌরভ ইসলাম (১৭)। সে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সৌরভ উপজেলার ঘুঘরাতলীতে অবস্থিত রাবেয়া বেগম রেসিডেনশিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র। এদিকে দুর্ঘটনায় আহত দুজন হলেন কারেন্টহাট এলাকার আফছার আলীর স্ত্রী লাইজু বেগম (৪৫) ও তাঁর ছেলে নাহিদ ইসলাম (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সৌরভ তাঁর বন্ধু নাহিদ ও নাহিদের মা লাইজু বেগমকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় তাঁদের মোটরসাইকেলটি কাঁকড়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত নাহিদ ও তাঁর মাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, সৌরভের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে পিকআপচালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা করেছে।