চিরিরবন্দরে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন দুজন
দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মুসাসাহা করোঞ্জী এলাকার ইসহাক আলী (৬৫) ও পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩৫)। এ ঘটনায় ফুলবাড়ি উপজেলার এলুয়ারি গ্রামের মিনহাজুল ইসলাম (১৫) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস আমবাড়ি এলাকায় দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় ইসহাক আলীকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে ওই বাসচালক, সুপারভাইজার ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।