চুকনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও এক কলেজছাত্র আহত হয়েছেন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজন ইসলাম (২০) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আহত মেহেদি হাসান (২২) সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশোনা করছিলেন। তাঁরা দুজনেই পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকের আসনে থাকা রাজন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন মেহেদি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়েছে বলে জানান ওসি।