চুয়াডাঙ্গা প্রেসক্লাবে যুবলীগের সশস্ত্র হামলা, ভাঙচুর
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও সাংবাদিকদের মারধর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবলীগের একাংশ সশস্ত্র মিছিল নিয়ে প্রেসক্লাবে ঢুকে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীরা এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সাংবাদিক নেতারা। সাংবাদিকদের অভিযোগ, হামলার সময় উপস্থিত থাকলেও পুলিশ এগিয়ে আসেনি।
প্রত্যক্ষদর্শী একাধিক সাংবাদিক জানান, বৃহস্পতিবার বেলা একটা ২০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন চলছিল। এ সময় যুবলীগের একাংশের নেতা-কর্মীদের সশস্ত্র মিছিল প্রেসক্লাব চত্বরে ঢোকে। সেখানে রাখা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। পরে প্রেসক্লাব ভবনে ঢুকে কাচের বিভাজক (পার্টিশন), চেয়ার-টেবিল ভাঙচুর করে ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নিউ নেশন-এর প্রতিনিধি মিজানুল হক, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ফাইজার চৌধুরী, চ্যানেল আই ও জনকণ্ঠ প্রতিনিধি রাজীব হাসান এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মরিয়ম শেলী জখম হন।
ইত্তেফাক-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি আজাদ মালিতা জানান, হামলাকারীরা মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। সাংবাদিক রাজীব হাসান জানান, হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করার জেষ্টা করলে তিনি চেয়ার তুলে ধরেন। সেই চেয়ার ভেঙে গেলে তিনি শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। সাংবাদিক মিজানুল হকের ডান হাত ও হাতের আঙুল কেটে গেছে। আহত ব্যক্তিরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি দৈনিকের একজন ফটোসাংবাদিক যুবলীগের সশস্ত্র মিছিলের ছবি তুলতে গেলে মিছিলকারীরা তাঁকে হুমকি দেয়। পরে প্রেসক্লাবে হামলা চালানো হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ অনেকে প্রেসক্লাবে যান। জেলা প্রশাসক সাংবাদিক নেতাদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। হামলাকীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন পুলিশ সুপার।
এ ঘটনার পরপর সাংবাদিকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার ও কর্তব্যে অবহেলার জন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার নুরনগরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে (এসপিসি) শ্রমিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা যুবলীগের দুটি অংশ গতকাল সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে এসপিসির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর শহরে ওই সশস্ত্র মিছিল বের হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন বলেন, ‘কোনো কারণ ছাড়াই প্রেসক্লাবে হামলাকে খাটো করে দেখার সুযোগ নেই। এর বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে।’ গত রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
সাংবাদিক নেতারা জানান, কৌশলগত কারণে হামলাকারী যুবলীগ নেতাদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে। তবে হামলাকারীদের স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য পুলিশের কাছে সরবরাহ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির এক যুক্ত বিবৃতিতে বলেছেন, হামলাকারীরা যুবলীগের কেউ নয়। তার পরও কারও বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।