চুরি করতে এসে ধর্ষণের মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

বাগেরহাটে চুরি করতে এসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রুবেল হাওলাদার (২৮)। তিনি মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের বাসিন্দা। এর আগে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে রুবেল হাওলাদার ও সজল মল্লিকের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর মঙ্গলবার সকালেই মামলার অপর আসামি সজল মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম আজ বুধবার সকালে বলেন, গ্রেপ্তার দুজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বর্তমানে ওই দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার এক বাড়িতে চুরি করতে এসে এক ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে ওই বাড়ির গৃহবধূকে (২৩) ধর্ষণ করেন। পরে ওই ব্যক্তি ঘরে থাকা ৪৭ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান বলে ওই পরিবারের অভিযোগ।

আরও পড়ুন