চুরি করা তার পোড়ানোর সময় গ্রেপ্তার হলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি হওয়া তার পোড়ানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগরের মতিহার থানা পুলিশ
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরে অভিযান চালিয়ে তার (কেব্‌ল) চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে নগরের কাজলা এলাকায় রুয়েটের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে চুরি হওয়া তার পোড়াচ্ছিলেন তাঁরা।

গ্রেপ্তার দুজন হলেন নগরের মতিহার থানাধীন খোঁজাপুর এলাকার মো. জুয়েল আলী (২২) এবং একই এলাকার মো. সজিব (৩০)। এ ঘটনায় মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নগরের কাজলার এলাকার অকট্রয় মোড়ের পাশে নির্মাণাধীন চারতলা একটি ভবন রয়েছে প্রকৌশলী মফিজুল ইসলামের। বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন একরামুল হক। গতকাল (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঘুমাচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে তাঁর ঘুম ভাঙে। এ সময় তিনি দেখেন ওই ভবন ছাড়া আশপাশের সব ভবনে বিদ্যুৎ আছে। হাতে থাকা অন্য লাইট জ্বালালে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি নির্মাণাধীন ভবনটির নিচতলায় প্রবেশ করে ৩৩ কেব্‌ল বৈদ্যুতিক মোটা ও চিকন তার নিয়ে পালিয়ে যাচ্ছেন। তখন তিনি চিৎকার করলে তাঁরা পালিয়ে যান। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। পরে গতকাল সন্ধ্যায় একরামুল হক মতিহার থানায় তার চুরির মামলা করেন।

মতিহার থানা–পুলিশ জানিয়েছে, মামলা হওয়ার এক-দেড় ঘণ্টার মধ্যে তারা অভিযুক্ত দুজনকে তারসহ হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তিরা রুয়েটের পাশে একটি নির্জন এলাকায় তারের ওপরের রাবারের স্তর পোড়াচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে ২০ কেজি রাবারের প্রলেপহীন তার পাওয়া যায়।

মতিহার থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান (তদন্ত) প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার চুরির বিষয়টি স্বীকার করেন। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ি থেকে তার চুরি করে আসছিলেন। তাঁদের একটি চক্র রয়েছে। তারের ওপরের রাবারের অংশ পুড়িয়ে তামা বানিয়ে তাঁরা বিক্রি করেন। দুজনকেই আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।