চুরি করে পালাচ্ছিল চোরেরা, নৈশ প্রহরী সামনে পড়ায় খুন
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে চুরি করে পালানোর সময় ভাসান মালতি (৫০) নামের এক নৈশ প্রহরীর সামনে পড়ে একদল চোর। এ সময় তারা ওই নৈশ প্রহরীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ভাসান মালতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার চৌধুরীপাড়ার জালাল মালতির ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন।
ভাসান মালতির ছেলে রানা ভাসান বলেন, কয়েক দিন আগে নৈশ প্রহরীর চাকরি নিয়েছিলেন তাঁর বাবা। সকালে শুনতে পান, তিনি হাসপাতালে। সেখানে গিয়ে দেখেন, তাঁর বাবা আর নেই।’
স্থানীয় লোকজন জানান, ভাসান মালতি নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় সকালে মাটিতে পড়ে ছিলেন। এ সময় রক্তাক্ত অবস্থায় জোরে জোরে বাঁশি বাজাচ্ছিলেন তিনি। বাঁশির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নিহতের শরীরে ধারালো ছুরির জখম পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোলাপ শাহ মুদিদোকানের টিনের চালা কেটে চোরেরা ভেতরে ঢোকে। চুরি শেষে চালা থেকে নিচে লাফিয়ে পড়ার সময় নৈশ প্রহরী ভাসান মালতির সামনে পড়ে তারা। এরপর তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোরেরা।
আজিজুল হক আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।