চুরি হওয়া স্মার্টফোন খুঁজতে গিয়ে ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে এক এসএসসি পরীক্ষার্থী তাঁর চুরি হওয়া স্মার্টফোনের খোঁজে গিয়ে নিখোঁজ হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিন ধরে ওই শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না।

গত বুধবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় আসামির নামোল্লেখ করে একটি অপহরণ মামলা করলেও পুলিশ ওই মামলাকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী অপহৃত হয়নি। তাঁকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে।

নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান রাব্বী (১৬)। সে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। রাব্বী উপজেলার কাহারতা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে।

থানায় দেওয়া অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দরানিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজ্জাত হোসেন (২৮) সখীপুরে মামা আবুল কালাম আজাদের বাড়িতে বেড়াতে যান। নিখোঁজ আখতারুজ্জামান রাব্বী সম্পর্কে সাজ্জাতের আপন মামাতো ভাই। সাজ্জাতের বিরুদ্ধে সখীপুর থানায় তিনটি, মির্জাপুর থানায় তিনটিসহ ছয়টি চুরি-ডাকাতির মামলা রয়েছে। সাজ্জাত ওই দিন দুপুরে খাবার খাওয়ার পর বেলা তিনটার দিকে হঠাৎ কাউকে কিছু না বলে চলে যান। চলে যাওয়ার কিছুক্ষণ পর মামাবাড়ির লোকজন দেখেন, সাজ্জাত ওই বাড়ি থেকে রাব্বীর স্মার্টফোন, আলমারি ভেঙে পাঁচ হাজার টাকা ও সামান্য কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন।

পরদিন রাব্বী বাড়ির পাশের একটি দোকান থেকে তাঁর চুরি হয়ে যাওয়া মুঠোফোনে কল করলে সাজ্জাত ফোনটি ধরেন। তাঁকে তাঁর বাড়ি মির্জাপুরে এসে ফোনটি নিয়ে যেতে বলেন। পরে রাব্বী ওই চুরি হওয়া ফোন আনতে গিয়ে নিখোঁজ হন। রাব্বীর বাবা সাজ্জাতের বাড়িতে ফোন দিলে সাজ্জাতের পরিবার বলে, রাব্বী এ বাড়িতে আসেনি। এরপর থেকে রাব্বীর পাশাপাশি সাজ্জাতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাব্বীর বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ছেলে হারিয়ে যায়নি। আমার আপন ভাগনে সাজ্জাত হোসেন (২৮) একজন চিহ্নিত অপরাধী। সে আমার ছেলেকে কৌশলে অপহরণ করেছে। থানায় অপহরণ মামলা করতে গেলে অভিযোগ না নিয়ে জিডি নেয়। পাঁচ দিন হয়ে গেলেও আমার ছেলেকে পুলিশ উদ্ধার করতে পারেনি।’

সাজ্জাত হোসেনের বাবা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে সাজ্জাত হোসেন এখন আগের চেয়ে ভালো। সে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। তার নামে থানায় যেসব মামলা আছে, সেগুলো ষড়যন্ত্রমূলক। রাব্বীকে আমার ছেলে অপহরণ করেনি। রাব্বী হয়তো নিজে থেকেই পালিয়ে বেড়াচ্ছে।’

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন শনিবার প্রথম আলোকে বলেন, আখতারুজ্জান রাব্বীর বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। তার বাবার করা অপহরণের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। রাব্বীকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে তার মুঠোফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। ওই ফোন উদ্ধার করতে পারলে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।