চুরির অপবাদ দেওয়ায় ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে, খুঁচিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ইয়াসিন মিয়া (১৯)
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কাঠ ব্যবসায়ী সামছুল হককে তাঁর সাবেক কর্মচারী ইয়াসিন মিয়া (১৯) লাঠি দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। আজ রোববার বিকেলে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামছুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন ইয়াসিন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম তাঁর জবানবন্দি গ্রহণ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ইয়াসিনকে পুলিশ পৌরসভার সন্তোষ বাগবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আজ দুপুরে তাঁর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ জানুয়ারি পৌরসভার সন্তোষ বাগবাড়ী এলাকার যক্ষ্মা হাসপাতালের সামনের পুকুর থেকে কাঠ ব্যবসায়ী সামছুল হকের (৫৫) লাশ উদ্ধার করা হয়। সামছুল হক ওই এলাকার মৃত আবদুর রশীদের ছেলে। এ ঘটনায় নিহত সামছুলের ভাই শামীম আল মামুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা না হলেও কয়েকজনকে সন্দেহের কথা জানানো হয়।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা কাগমারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের উপপরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার ইয়াসিনকে শনাক্ত ও গ্রেপ্তার করেন। ইয়াসিন সদর উপজেলার গদুরগাতি গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর ইয়াসিনের কাছ থেকে নিহত সামছুল হকের মুঠোফোন উদ্ধার করা হয়। তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।

প্রকাশ চন্দ্র সরকার বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে ইয়াসিন জানান, প্রায় ছয় মাস আগে সামছুল হকের দোকানে কাজ করতেন তিনি। তখন তাঁকে সামছুল হক অকারণে গালিগালাজ করতেন এবং বিভিন্ন অপবাদ দিতেন। একবার তাঁর একটি কুড়াল হারিয়ে যায়। কুড়ালটি ইয়াসিন চুরি করেছেন বলে তাঁর বাবার কাছে নালিশ দেন সামছুল হক। ইয়াসিনের বাবা এ জন্য তাঁকে মারধর করেন। এতে সামছুল হকের প্রতি ইয়াসিনের ক্ষোভ তৈরি হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার দিন (২৪ জানুয়ারি) রাতে সামছুল হক মুঠোফোনে কথা বলতে বলতে বাড়িতে ফিরছিলেন। তাঁকে রাস্তায় একা পেয়ে ইয়াসিন একটি লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে সামছুল হক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পুকুরে ফেলে দেন ইয়াসিন। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ইয়াসিন নিয়ে যান। ইয়াসিন সামছুল হকের মুঠোফোনে এক দিন তাঁর নিজের সিম কার্ড ঢুকিয়ে একটি নম্বরে কথা বলেন। সেই সূত্র ধরেই তাঁকে চিহ্নিত করা হয়।