চুরির অভিযোগে দিনমজুরকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগ এনে সনাতন সরকার (৩৫) নামে দিনমজুরকে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে এ ঘটনায় ঘটে। এ বিষয়ে গতকাল বুধবার ওই দিনমজুর স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন।
সনাতন সরকার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের শিবেন সরকারের ছেলে। সনাতন সরকার বলেন, গত রোববার রাতে ভাদড়া গ্রামের পশ্চিমপাড়ায় কৃষক মণীন্দ্রনাথ সরকারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় পর রাত দুইটার দিকে ইউপি সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর বাড়িতে হামলা করে এবং তাঁকে মারধর করে। পরে তাঁকে জোর করে ভাদড়া স্কুলের পাশে নিয়ে যায়। গরু চুরি কথা স্বীকার করানোর জন্য আবারও তারা সনাতনকে মারধর করে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ প্রসঙ্গে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় সনাতনকে উদ্ধার করা হয়েছে।
এসআই আবদুল মজিদ সরকার বলেন, সনাতন চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। চুরি যাওয়া তিনটি গরু মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা সড়কে পাওয়া গেছে। সেগুলো মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ফরহাদ হোসেন দাবি করেন, ‘চুরি করে গরু নেওয়ার সময় সনাতনকে আটক করে গ্রামের লোকজন। ওই ঘটনায় আমি কাউকে মারধর করিনি।’