চুরির অভিযোগে চুল কেটে কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে চুল কেটে সজীব সরদার (১৪) নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। কিশোরের বাবা লাল মিয়া সরদার বাদী হয়ে অলি টেলিকমের মালিকসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে গতকাল শনিবার রাতে মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে অলি টেলিকমের মালিক আহসান হাবিবকে (৩০) গ্রেপ্তার করে আজ রোববার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার গৈলাবাজারে মুঠোফোন ব্যবসায়ী অলি টেলিকমের দোকান থেকে গতকাল সন্ধ্যায় একটি মুঠোফোন চুরি হয়। এ সময় দোকানমালিক সিসি ক্যামেরায় একই উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ভ্যানচালক মো. লাল মিয়া সরদারের ছেলে সজীবকে দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখেন। পরে সজীবকে চোর সন্দেহে দোকানমালিক আহসান হাবিব, তাঁর সহযোগী সৌরভ মোল্লা (২৬) ও তাওহীদ খান (১৬) বাড়ি থেকে ধরে আনেন। দোকানের মধ্যে আটকে রেখে মারধরসহ অমানবিক শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে জোর করে কিশোরের মাথার চুল কেটে দিয়ে বাজারে ঘুরিয়ে আটকে রাখা হয়। পরে বাজারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত নয়টায় সজীবকে উদ্ধার করে।

কিশোরের বাবা ভ্যানচালক লাল মিয়া সরদারের দাবি, ‘আমার নির্দোষ ছেলেকে ওরা বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে আহত করেছে। ছেলের মাথার চুল কেটে দিয়ে বাজারের শত শত মানুষের সামনে “চোর চোর” বলে ঘুরিয়ে উল্লাস করেছে।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কোনো কথা বলেননি অলি টেলিকমের মালিক গ্রেপ্তার আহসান হাবিব।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, খুবই অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে এবং মাথার চুল কেটে দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার সজীবের বাবার করা মামলায় পুলিশ প্রধান আসামি আহসান হাবিবকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।