চুরির অভিযোগে জুতার মালা পরিয়ে ঘোরালেন ব্যবসায়ীরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চুরির অভিযোগে শহিদুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছেন ব্যবসায়ীরা। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। শহিদুলের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে।
পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, গত ১৪ জানুয়ারি পাটগাতী বাজারের মনি ইলেকট্রনিকসের দোকান থেকে দুটি এলইডি টিভি, একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকা, মানিব্যাগ ও শিমলা সুইটস নামের দোকান থেকে একটি মুঠোফোন চুরির ঘটনা ঘটে। দোকানদারেরা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, গতকাল বিকেলে এক ব্যক্তি বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করায় তাঁকে ব্যবসায়ীরা আটক করেন। ওই ভিডিও ফুটেজের সঙ্গে তাঁর চেহারা মিলে যাওয়ায় ব্যবসায়ীরা তাঁকে চোর সাব্যস্ত করেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাঁকে মারধর করার পর জুতার মালা পরিয়ে বাজারে ঘোরান। পরে ওই ব্যক্তিকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি তিনি শুনেছেন। ব্যবসায়ীরা এটি করেননি, উৎসুক জনতা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন বলে উল্লেখ করেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল। তিনি বলেন, কেউ পুলিশকে ঘটনাটি জানাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তির (শহিদুলের) খোঁজ নেওয়া হচ্ছে।