অধ্যাপক আবদুল খালেকের সাক্ষাৎকার
চুল কাটার ঘটনা সত্য হলে ফারহানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার অযোগ্য
অধ্যাপক আবদুল খালেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বর্তমানে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তিনি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।
প্রথম আলো: শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গোড়ার কথাটা যদি বলেন...
আবদুল খালেক: বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি সাধনে, শিক্ষা ও সংস্কৃতির ব্যাপক উন্নয়নে, বাঙালি জাতির মানস গঠনে রবীন্দ্রনাথের অবদান অতুলনীয়। আমার বড় ভাই মযহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার সময় ‘রবীন্দ্র কলাভবন’ নামে একটি ভবনের নামকরণ করেছিলেন। এ দেশে রবীন্দ্রনাথের নামে আর কিছুই নেই। সেই চিন্তা থেকেই তিনি শাহজাদপুরে প্রথম ‘ট্যাগর পিস ইউনিভার্সিটি’ নামে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নিয়েছিলেন। ২০০৩ সালে তাঁর মৃত্যুর পর সেই উদ্যোগ থেমে যায়।
২০০৯ সালের ২৪ মার্চ ‘সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রথম আলোতে আমার একটা লেখা ছাপা হয়। রবীন্দ্রনাথ শাহজাদপুর বানান ‘স’ দিয়ে লিখেছেন। আমিও এই লেখাতে তা–ই করি। হঠাৎ এ রকম একটা লেখায় দেশজুড়ে আলোচনা শুরু হয়ে গেল। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন হতে লাগল। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি হলো। আমাকে সেই কমিটির আহ্বায়ক করা হলো। ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
প্রথম আলো: এই কয় বছরে বিশ্ববিদ্যালয়টি কতটা এগিয়েছে?
আবদুল খালেক: দ্রুত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম প্রকল্প পরিচালক নিয়োগ না দিয়ে সরাসরি উপাচার্য নিয়োগ দেওয়া হোক। তাহলে উপাচার্য উন্নয়নকাজও করতে পারবেন, একাডেমিক দিক দিয়েও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবেন। তা–ই হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ ঘোষকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি তেমন কিছু করতে পারেননি।
প্রথম আলো: বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আপনি কী ভূমিকা রেখেছেন?
আবদুল খালেক: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কোনো কমিটিতে আমাকে রাখা হয়নি। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আমরা সিন্ডিকেটে থাকলে এসব ব্যাপারে কথা বলতে পারতাম।
প্রথম আলো: আপনি কেমন বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন?
আবদুল খালেক: রবীন্দ্রনাথ বিশ্বকবি। সারা পৃথিবী থেকে মানুষ আসবে এ বিশ্ববিদ্যালয়ে। চেয়েছিলাম বিশ্বমানের স্থপতি এনে কাজ করানো হবে।
প্রথম আলো: পড়াশোনার মানটা কেমন হওয়ার কথা আপনারা ভেবেছিলেন?
আবদুল খালেক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সব বিষয়ে পড়ানো হবে। বিশ্বভারতীতে যা পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হয়—সব বিষয় এ বিশ্ববিদ্যালয়ে থাকবে। এখানকার শিক্ষার্থীদের চাকরির বাজারে দাঁড়াতে হবে। তাই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় বলে যে সবাইকে শুধু রবীন্দ্রসাহিত্য পড়াতে হবে, তা নয়। রবীন্দ্রনাথকে নিয়ে প্রতিটি বিষয়ের শিক্ষার্থীদের একটি আবশ্যিক কোর্স থাকবে। যেমনটি ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
প্রথম আলো: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের চুল কর্তনের ঘটনা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে করণীয় কী?
আবদুল খালেক: দ্রুত যোগ্য ও অভিজ্ঞ উপাচার্য নিয়োগ দিতে হবে। ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে কিছু হয় না।
প্রথম আলো: শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনা কীভাবে দেখছেন?
আবদুল খালেক: এ বিষয়ে আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কারণ, আমি নিজে চুল কেটে দিতে দেখিনি। পত্রপত্রিকায় দেখেছি, টেলিভিশনের খবরে শুনেছি। অনেক সময় বিভ্রান্তিকর খবরও আসে। তবে যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, তাহলে এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। যদি শিক্ষক ফারহানা ইয়াসমিন এমন কাজ করে থাকেন, তাহলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার অযোগ্য। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়। যাঁরা তাঁকে নিয়োগ দিয়েছেন, তাঁরাও এর দায় এড়াতে পারবেন না। তবে ওই শিক্ষককে বহিষ্কার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমি তাঁদের বলে দিয়েছি, এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটই যথেষ্ট।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
আবদুল খালেক: প্রথম আলোকেও ধন্যবাদ। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আমার স্বপ্নের কথাটি প্রথম আলোই প্রথম ছেপেছিল।