চুলার গ্যাস থেকেই দেওয়ানবাজারের ফ্ল্যাটে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণের পর চট্টগ্রামের দেওয়ান বাজারের ওই ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের দৃশ্য ছিল এটি। ফাইল ছবি
বিস্ফোরণের পর চট্টগ্রামের দেওয়ান বাজারের ওই ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের দৃশ্য ছিল এটি। ফাইল ছবি

বদ্ধ ফ্ল্যাটে চুলার গ্যাস জমে ছিল। এরপর দেশলাইয়ের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায় ও বিস্ফোরণ ঘটে। পরিবারের সদস্যদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটে। এটাই দেওয়ানবাজার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ। এ ঘটনার পেছনে নাশকতার কোনো আলামত মেলেনি।

এ ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ সোমবার বেলা তিনটায় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের হাতে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ তদন্ত প্রতিবেদন তুলে দেন। ঘটনার রাতে মমিনুর রশিদকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন।

বিস্ফোরণে তৃতীয় তলার একটি ফ্ল্যাট (দেয়ালে সাদা টাইলস) লন্ডভন্ড হয়ে যায়। একই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় পাশের অন্য ভবনের ফ্ল্যাটও (লাল রঙের দেয়াল)। ফাইল ছবি
বিস্ফোরণে তৃতীয় তলার একটি ফ্ল্যাট (দেয়ালে সাদা টাইলস) লন্ডভন্ড হয়ে যায়। একই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় পাশের অন্য ভবনের ফ্ল্যাটও (লাল রঙের দেয়াল)। ফাইল ছবি

গত ২৭ জানুয়ারি ভোরে বিকট শব্দে দেওয়ান বাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবনের (মাদ্রাসা নয়, আবাসিক ভবন) তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। ছয়তলা ভবনের তৃতীয় তলার দুই পাশের দেয়ালের বড় একটি অংশ ভেঙে পাশের দুটি ভবনে আঘাত করে। ভবনের ৩৫টি ফ্ল্যাটের মধ্যে ১৮টির দরজা-জানালা ভেঙে যায়। দগ্ধ অবস্থায় সেদিন রাতেই মারা যায় দাদি-নাতনি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার আগের রাতে পানি ফুটাতে চুলায় পানিভর্তি হাঁড়ি বসানো হয়। একপর্যায়ে ফুটন্ত পানি উপচে চুলার আগুন নিভে যায় কিন্তু গ্যাস বের হতে থাকে। ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস ফ্ল্যাটের ভেতরে জমে যায়। ভোরে তনিমা আফরিন তার দাদি ছমুদা খাতুনের জন্য পানি গরম করতে যায়। চুলা জ্বালানোর জন্য দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় ছমুদা ঘরের প্রধান দরজা খুলে বের হন। কিন্তু দরজা খোলার কারণে বাইরের অক্সিজেন ভেতরে ঢুকে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে বিস্ফোরণ ঘটায়। ফায়ার সার্ভিসের ভাষায় একে ব্যাক ড্রাফট বলে।

প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডটি নাশকতামূলক না দুর্ঘটনা, এটি যাচাই করতে ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ, স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও ভাড়াটিয়াদের জবানবন্দি নেওয়া হয়। ঘটনাস্থলে অন্য কোনো দাহ্য পদার্থ বা রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়নি। দীর্ঘ আট বছর ধরে আবদুল মোতালেবের পরিবার ওই ফ্ল্যাটে বাস করছে, জঙ্গিরা কখনো সপরিবার এত দীর্ঘ সময় এক জায়গায় থাকে না।

তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, চুলার গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে। নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও যদি কারও কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য থাকে, তাহলে প্রয়োজনে অধিকতর তদন্ত করা হবে।