চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে চশমা, আনারস আর ডালিম নিয়ে কাড়াকাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটাররা ২৮ ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন। তার আগে প্রার্থীদের নিয়ে ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছেন। সেই সঙ্গে প্রার্থীদের পছন্দ-অপছন্দের প্রতীক নিয়েও ভোটারদের মধ্যে চলছে নানামুখী আলোচনা। এই পৌরসভায় সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পছন্দের শীর্ষে আছে চশমা ও আনারস প্রতীক। সাধারণ ওয়ার্ডে সবচেয়ে বেশি প্রার্থী ডালিম, পাঞ্জাবি ও উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ ডিসেম্বর এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেই থেকে চলছে প্রচার–প্রচারণা।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় মনোনীত তিন মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম মালিক খোকন নৌকা, বিএনপির  সিরাজুল ইসলাম মনি ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তুষার ইমরান হাতপাখা প্রতীক বরাদ্দ পান। কিন্তু স্বতন্ত্র চার প্রার্থীকে নির্বাচন কমিশনের দেওয়া ১২টি প্রতীক থেকে পছন্দের প্রতীক নিতে হয়েছে। মজিবুল হক মালিক মোবাইল ফোন, মনিবুল হাসান নারকেলগাছ, তানভীর আহমেদ মাসরিকী কম্পিউটার ও সৈয়দ ফারুক আহমেদ জগ প্রতীক নিয়ে লড়ছেন। মেয়র প্রার্থীদের অপছন্দের তালিকায় আছে ইস্তিরি, ক্যারম বোর্ড, চামচ, টাই, বড়শি, রেল ইঞ্জিন, হ্যাঙ্গার ও হেলমেট।

নির্বাচন কমিশন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে ১০টি প্রতীক নির্ধারণ করে দিলেও পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ১৩ জন কাউন্সিলর ছয়টি প্রতীক নিয়ে লড়ছেন। এই পদে প্রার্থীদের পছন্দের শীর্ষে আছে চশমা ও আনারস প্রতীক। তিনজন করে চশমা ও আনারস; দুজন করে অটোরিকশা, জবা ফুল ও টেলিফোন এবং একজন আংটি প্রতীক নিয়ে লড়ছেন। অপছন্দের তালিকায় রয়েছে দ্বিতল বাস, বলপেন, মেট্রোরেল ও হারমোনিয়াম।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে নির্বাচন কমিশন মোট ১২টি প্রতীক নির্ধারণ করে দিলেও প্রতিদ্বন্দ্বী ৬৪ জন প্রার্থীর কেউই টিউব লাইট ও ফাইল কেবিনেট প্রতীক পছন্দ করেননি। তাঁদের পছন্দের শীর্ষে তিন প্রতীক হচ্ছে ডালিম, পাঞ্জাবি ও উটপাখি। পৌরসভার নয়টি ওয়ার্ডের সব কটিতেই অন্যান্য প্রতীকের পাশাপাশি এই তিনটি প্রতীকের প্রার্থী রয়েছেন। তা ছাড়া আটজন করে পানির বোতল ও টেবিল ল্যাম্প, সাতজন করে ব্রিজ ও গাজর, পাঁচজন ব্ল্যাকবোর্ড এবং একজন করে স্ক্রু-ড্রাইভার ও ঢ্যাঁড়স প্রতীক নিয়েছেন।