চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন: মেডিকেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গায় শরীরে ফোসকা নিয়ে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে থাকা নারীর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পায়নি মেডিকেল বোর্ড। এটাকে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত একধরনের চর্মরোগ মনে হওয়ায় তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে চর্মরোগ বিশেষজ্ঞের মতামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেডিকেল বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক আবুল হোসেন আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

আজ সকালে ওই নারীকে বাড়ি থেকে এনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত ওই কক্ষেই রাখা হবে তাঁকে।

এর আগে এ ঘটনায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান মুন্সী জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসানের সঙ্গে পরামর্শ করে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন।

আরও পড়ুন

বোর্ডের অন্য দুই সদস্য হলেন হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক ওয়ালিউর রহমান নয়ন ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহরাব হোসেন। তাঁরা আজ সকাল থেকে কাজ শুরু করেন। পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

সদর হাসপাতালের একাধিক সূত্র জানায়, শরীরে বড় আকারের ফোসকা এবং জ্বর, ব্যথা ও সর্দি নিয়ে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ওই নারী। বহির্বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার তাঁকে জ্বর-ব্যথার ওষুধ দিয়ে সদর উপজেলার নিজ বাড়িতে পাঠানো হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে, ‘চুয়াডাঙ্গায় শরীরে ফোসকা নিয়ে চিকিৎসা নিতে আসা এক নারী পর্যবেক্ষণে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আওলিয়ার রহমান ওই নারীকে আজ সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে সম্প্রসারিত ভবনের তৃতীয় তলায় রাখার ব্যবস্থা করেন। সেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় কাজ সারেন এবং প্রতিবেদন তৈরি করেন।

মেডিকেল বোর্ডের সভাপতি আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহের পর আমরা নিশ্চিত হয়েছি যে এটি মাঙ্কিপক্স বা কোনো পক্সই নয়। তাঁর শরীরে যে ধরনের ফোসকা দেখা গেছে, তা সাধারণত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হয়ে থাকে। এটা একধরনের চর্মরোগ।’

আবুল হোসেন আরও বলেন, ওই নারীর চিকিৎসার জন্য চর্মরোগ চিকিৎসকের পরামর্শ চাওয়া হয়েছে। শিগগির তিনি সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরবেন। এটা নিয়ে আতঙ্কের কিছু নেই।