চুয়াডাঙ্গায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যকার সংঘর্ষে আহত দুই ব্যক্তি।
ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় আহত হন দুই পক্ষের ৯ জন। এ ছাড়া সংঘর্ষে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শুকুর আলী ও আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান পরস্পরকে দোষারোপ করেছেন। শুকুর আলী তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মিজানুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আগামী ৭ ফেব্রুয়ারি এই ইউপিতে নির্বাচন হবে।

আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার সমর্থকেরা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণকালে নৌকা প্রতীকের সমর্থকেরা বহরে হামলা চালান। হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে চারজনকে জখম করেন। এ ছাড়া নৌকার প্রার্থী শুকুর আলীর নেতৃত্বে তাঁর অনুসারীরা তিতুদহ দক্ষিণপাড়া ও গিরিশনগর এলাকায় দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। অথচ আমার কর্মী-সমর্থকদের হয়রানি করে মিথ্যা হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলছেন শুকুর আলী।’

অন্যদিকে শুকুর আলীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকেরা গিরিশনগর, তিতুদহ বাজার কার্যালয় ভাঙচুর, দক্ষিণপাড়া কার্যালয়ে অগ্নিসংযোগ ও একটি মাইক্রোবাস ভাঙচুর এবং পাঁচজন কর্মীকে কুপিয়ে আহত করেছেন। শুকুর আলী দাবি করেন, তাঁর কর্মীরা আনারস প্রতীকের কার্যালয় ভাঙচুর বা কারও ওপর হামলা চালাননি।

হামলায় আহত ব্যক্তিরা হলেন নৌকার সমর্থক তিতুদহ গ্রামের হাসান আলী (১৮), রাইহান আলী (৩০), শাহিন আলী (২৬) ও মানিক বিশ্বাস (৩৫), বড়শলুয়া গ্রামের ওমর ফারুক (৩২) এবং আর আনারস প্রতীকের সমর্থক নুরুল্লাপুর গ্রামের তসলিম উদ্দিন (২২), আবদুল লতিফ (৩৫), মিঠু মিয়া (২২) ও মাহবুবুর রহমান (৫০)।

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন হাসান আলী ও মানিক বিশ্বাসের সঙ্গে কথা হয়। তাঁরা দুজনই নিজেদের নৌকা প্রতীকের সমর্থক বলে দাবি করেন। হাসান আলী বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে নৌকা প্রতীকের কার্যালয়ে বসে থাকাবস্থায় ১০–১২ জন লোক লাঠিসোঁটা ও রামদা নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। তাঁরা ভাঙচুর ও উপস্থিত লোকজনকে মারধর করেন। এ সময় সবাই প্রাণভয়ে পালিয়ে গেলে হামলাকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, তিতুদহের ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত লিখিতভাবে কেউই অভিযোগ করেনি। তবে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় চারটি টহল দল মাঠে আছে।