চুয়াডাঙ্গায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত ১৯১, মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫১৫টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক শূন্য ৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময় করোনায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা করোনায় মৃত মানুষের সংখ্যা ১২৫।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭৭, জীবননগরের ৪৮, আলমডাঙ্গার ৩৫ ও দামুড়হুদার ৩১ জন আছেন। করোনা শুরু থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৯২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৪০২ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হাওয়া ব্যক্তির সংখ্যা ৪ হাজার ২৬৬। শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ।

জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩৮৫ জনই বর্তমানে সুস্থ। অর্থাৎ করোনা পজিটিভ হওয়ার পর ৫৫ দশমিক ৭১ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। মৃত্যুর হার ২ দশমিক ৯৩ শতাংশ। করোনায় আক্রান্ত ব্যক্তিরা ঘরে বসে না থেকে শুরু থেকেই নিয়মিত চিকিৎসা নিলে সুস্থতার হার আরও বেশি হতো এবং মৃত্যুর হার অনেকাংশেই কমে যেত।