চুয়াডাঙ্গায় করোনা সংক্রণের হার ৬৬.০৭ শতাংশ
চুয়াডাঙ্গা জেলায় ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৬ দশমিক শূন্য ৭ শতাংশ। জেলায় ৫০–এর বেশি নমুনা পরীক্ষার হিসাব ধরে শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার এটাই সর্বোচ্চ। স্বাস্থ্য বিভাগ বলছে, এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ১০ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ হলেও এক সপ্তাহের গড় হার ৪২ দশমিক ৩৩ শতাংশ। বিশেষ করে সীমান্ত এলাকা জীবননগর ও দামুড়হুদা উপজেলায় শনাক্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, হঠাৎ করেই সীমান্ত এলাকায় করোনার প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এটা উদ্বেগজনক।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা কোভিড-১৯ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটি কাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলায় বিশেষ সভার আহ্বান করেছে। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জনপ্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। কমিটি সূত্রে জানা যায়, সভা থেকে পুরো দামুড়হুদা উপজেলাকে লকডাউনের আওতায় আনা হতে পারে। বর্তমানে এই উপজেলার ৩টি ইউনিয়নের ১৬টি গ্রামে লকডাউন চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানানো বড় চ্যালেঞ্জ। সামাজিক মর্যাদাহানির ভয়ে অনেকেই নমুনা পরীক্ষা করাচ্ছেন না।