চুয়াডাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০
চুয়াডাঙ্গায় করোনায় সংক্রমিত হয়ে মো. আবদুল মান্নান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে তিনি জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালের হলুদ জোনে ভর্তি হন। সেখান থেকে হাসপাতালের রেড জোনে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭-তে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম প্রথম আলোকে বলেন, ভর্তির দিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং পরদিন শুক্রবার আসা প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপরই শুক্রবার তাঁকে হলুদ জোন থেকে রেড জোনে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আরএমও বলেন, নিহত ব্যক্তির লাশ করোনা প্রটোকল মেনে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
জেলায় ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় বর্তমানে ৭৯ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন।
এদিকে স্বাস্থ্য বিভাগের গতকাল শুক্রবার রাতের তথ্যানুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলায় বর্তমানে করোনা পজিটিভ রোগী ৭৯ জন। এর মধ্যে ১৭ জন জেলার করোনা ডেডিকেটেডে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৬২ জন হোম আইসোলেশনে রয়েছেন।
জেলায় শুরু থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭২১ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। যার মধ্যে ১ হাজার ৯৫৬ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২০ দশমিক ৫৫ শতাংশ। করোনা পজিটিভ রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮১১ জন সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান প্রথম আলোকে বলেন, হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ রোগীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা তদারকি করে থাকেন। জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত খোঁজখবর রাখা হয়। তিনি দাবি করেন, স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।