চুয়াডাঙ্গায় কারাগারে কয়েদির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
মারা যাওয়া ওই কয়েদির নাম রবিউল ইসলাম (৪০)। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, রবিউল মেহেরপুর জেলার একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ১৫ মে তাঁকে মেহেরপুর জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলর) শওকত হোসেন মিয়া বলেন, রবিউল একজন মৃগী রোগী ছিলেন। আজ দুপুরে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, মাথায় আঘাতের ধরন মারাত্মক হওয়ায় অভ্যন্তরীণ রক্তক্ষরণে রবিউল মারা গেছেন।