চুয়াডাঙ্গায় কিশোরকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দুর্বৃত্তরা ১৪ বছর বয়সী এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেছে। সদর থানার পুলিশের একটি দল আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢমপুল এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার কৃষকেরা সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে ধানখেতে কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত কিশোরের গায়ের রং কালো। পরনে ছিল লাল রঙের ট্রাউজার ও সাদা জামা। ট্রাউজারের ছেঁড়া অংশ দিয়ে দুই পা বাঁধা এবং শাড়ির ছেঁড়া অংশ দিয়ে গলা পেঁচিয়ে রাখা। খবরটি মুখে মুখে ছড়িয়ে পড়লে সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরে নির্যাতনের অসংখ্য দাগ আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নিহত কিশোরের পরিচয় উদ্ধারে ছবি তুলে আশপাশের থানাগুলোয় বার্তা পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চিত হয়েছে, কিশোরটিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছে।